দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরেরহাট জোতরঘুপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে চিরিরবন্দর থানার একটি অভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন্নবী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের মধ্যে মুক্তা রায় (৪৫) ও মো. জীবন ইসলাম (২৪)-কে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া মো. মিশুক রায়হান (২৬)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে একটি টাপেন্টাডল ট্যাবলেট ও একটি গ্যাস লাইটার জব্দ করা হয়েছে।
চিরিরবন্দর থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মতামত