দিনাজপুর

দিনাজপুরের হিলি সীমান্তে অস্ত্রসহ ধরা, ১১ বছর পর রায়: ১৪ বছরের কারাদণ্ড

প্রিন্ট
দিনাজপুরের হিলি সীমান্তে অস্ত্রসহ ধরা, ১১ বছর পর রায়: ১৪ বছরের কারাদণ্ড

প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, রাত ১১:৩৫


দিনাজপুর হিলি সীমান্ত থেকে বিদেশি পিস্তল, গুলি ও ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনার ১১ বছর পর অবশেষে রায় দিয়েছেন আদালত। দিনাজপুরের হাকিমপুর উপজেলার একটি অস্ত্র মামলায় মো. সুমন সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. রুবিনা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দিনাজপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ২৫ আগস্ট সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর একটি দল হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের নওপাড়া গ্রামে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সুমন সরদারকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের ভেতরে প্লাস্টিকের বস্তায় মোড়ানো লেপের মধ্যে লুকিয়ে রাখা একটি ৭.৬৫ মিলিমিটার ইউএসএ নির্মিত বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, একটি রামদা এবং দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এ ঘটনায় ওই দিনই র‌্যাব-৫-এর ডিএডি নায়েক সুবেদার মো. আলতাফ হোসেন বাদী হয়ে হাকিমপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। রায়ে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত সুমন সরদারকে পুলিশ পাহারায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট অপূর্ব রায় শুনানি পরিচালনা করেন।