“ছোট একটি সচেতনতা বাঁচাতে পারে অনেকগুলো প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন দিনাজপুর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. গোলাম রসুল রাখি। এতে মহাস্থান রেজিমেন্ট ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের দিনাজপুর জেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৫ জন বিএনসিসি ক্যাডেট, তিনজন সামরিক প্রশিক্ষক, চারজন পিইউও, সরকারি কলেজের প্রতিনিধিসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
র্যালি শেষে ডা. গোলাম রসুল রাখি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। চিকিৎসার চেয়ে ডেঙ্গু প্রতিরোধকেই বেশি গুরুত্ব দিতে হবে।
দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ডেঙ্গুমুক্ত দিনাজপুর গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজেদের পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং সম্মিলিতভাবে এডিস মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় দিনাজপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার, দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান, পিইউও বিএনসিসি মো. হামিদুর রহমান সোহেল, দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল্লাহ আল ফুয়াদসহ সিভিল সার্জন কার্যালয়, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত