বীরগঞ্জ

বীরগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রিন্ট
বীরগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৯


 ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সারাদেশের মতো দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাতেও শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী তিন মাসব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬” মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পরপরই ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে কর্মসূচিতে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন,  সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও বিএনসিসি ও স্কাউট সদস্য,বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, জলাধারসহ আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

একই সঙ্গে জমে থাকা পানি নিয়মিত অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার প্রজননস্থল ও জমে থাকা পানি অপসারণ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে জনসাধারণকে নিজ নিজ বাসস্থান ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।