সবুজ পরিবেশ, নিরাপদ বাংলাদেশ এই প্রতিপাদকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ থানার আয়োজনে 'বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬' এর শুভ উদ্বোধন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে এই কর্মসূচির আওতায় থানা প্রাঙ্গণে একটি নতুন ফলদ বাগানের শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড স্টেট) সুমন রঞ্জন সরকার, শিক্ষানবিশ সরকারি পুলিশ সুপার মেহেদী হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি।
পুলিশ সুপার মো. জেদান আল মুসা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে দিনাজপুরের বীরগঞ্জ থানা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ পালন করা হয়। তিনি আরও বলেন, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হলে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু,বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে থানা ক্যাম্পাসে গড়ে তোলা ফলদ বাগানটি পরিদর্শন করেন এবং পরিবেশবান্ধব এই উদ্যোগের প্রশংসা করেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
মতামত