বীরগঞ্জ

বীরগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত -২,আহত -২

প্রিন্ট
বীরগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত -২,আহত -২

প্রকাশিত : ৫ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:৪৪


দিনাজপুরের বীরগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আলহাজ্ব রাজিউর রহমান (রবি) ও সকাল বর্মন নামে দু'জন নিহত হয়েছেন। 

রবিবার (৫ জুলাই) উপজেলার বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের উত্তর সুজালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলহাজ্ব মো: রাজিউর রহমান রবি পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত আলহাজ্ব আব্দুল বারি মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, রবিবার সকাল ৯টায় পৌর শহরের বাসা থেকে মোটরসাইকেলে করে দেবীপুর গ্রামের নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন রাজিউর রহমান রবি। এ সময় উপজেলার উত্তর সুজালপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়ারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি হলে দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশন হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে একই দিনের বিকেল ৪টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের দলুয়া বাজার সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি ট্রাক একটি চার্জার ভ্যানকে ধাক্কা দিলে সকাল বর্মন (৩৫) ঘটনাস্থলে নিহত হয়। সকাল বর্মন উপজেলার সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের জামিনী বর্মনের স্ত্রী। এঘটনায় জামিনীর শিশুপুত্র তুষার (৬) ও ভ্যান চালক দোগড়াই খাটিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আপেল (৩৫) কে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। বীরগঞ্জ থানার এসআই নেহার রঞ্জন সরকার জানান,সকাল বর্মন ভ্যান যোগে ঠাকুরগাঁওয়ে জামাইয়ের বাড়িতে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় নিহত হয়। 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, দলুয়া এলাকায় পুলিশ পাঠানো হয়েছে এবং উত্তর সুজালপুর এলাকা 

দুর্ঘটনার ঘটনায় ট্রাক্টর ও চালক পালিয়েছে। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে বীরগঞ্জ থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।