দিনাজপুর

দিনাজপুরে কৃষকদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রিন্ট
দিনাজপুরে কৃষকদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত : ২৪ জুন ২০২৬, রাত ১১:৩১


দিনাজপুরে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে মাঠ পর্যায়ের সাধারণ কৃষক ও স্থানীয় প্রতিনিধিদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) আয়োজিত বুধবার জেলার সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম। পরে পুষ্টি বিষয়ে উপস্থিত কৃষকদের মাঝে বিস্তারিত তুলে ধরেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম ও গেইনের কনসালটেন্ট সুবর্না ইসলাম।

এসময় বক্তারা বলেন, রেইনস প্রকল্পের আওতায় ইউনিয়ন মাল্টিসেক্টর প্ল্যাটফর্মের সদস্য ও প্রধান কৃষকদের দক্ষ করে তুলতে আজকেএ এই প্রশিক্ষণের আয়োজন। মানবশরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক বিকাশের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর খাদ্য রাখা আবশ্যক। 

সচেতনতার অভাবেই গ্রামীণ জনগোষ্ঠীর একাংশ পুষ্টিহীনতাজনিত বিভিন্ন শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছে। প্রশিক্ষণে সুষম খাদ্যাভ্যাস, নিরাপদ উপায়ে শাকসবজি চাষ, কীটনাশকের নিয়ন্ত্রিত ব্যবহার, খাদ্য সংরক্ষণ ও পুষ্টিমান বজায় রেখে রান্নার বৈজ্ঞানিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

এ সময় কমলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক জয়নাল আবেদীন, স্থানীয় কৃষক, নারী উদ্যোক্তা, এবং স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।