জলবায়ু সুবিচার ও ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে দিনাজপুরে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা করেছেন শতাধিক তরুণ জলবায়ু কর্মী।
শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল “ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে।
সমাবেশে অংশগ্রহণকারীরা রঙিন ব্যানার ও পোস্টার হাতে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই,জীবাশ্ম মুক্ত বাংলাদেশ চাই,সৌর শক্তি বাড়াও, দূষণ কমাও এবং আমার ভবিষ্যৎ, আমার অধিকার।
সমাবেশে বক্তব্য দেন ইয়ুথনেট গ্লোবালের বিভাগীয় কো-অর্ডিনেটর জিলহজ্জ সরকার, দোস্ত এইড বাংলাদেশের এক্সিকিউটিভ আব্দুল জব্বার, ইয়ুথনেট দিনাজপুর জেলা কো-অর্ডিনেটর আব্দুল আহাদ আল মামুন, ক্লিন দিনাজপুর সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু, শিক্ষার্থী প্রতিনিধি সাদিয়া ইসলাম ও জলবায়ু কর্মী তানজিম আহমেদসহ অনেকে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌর, বায়ু ও বায়োগ্যাসভিত্তিক নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত বিনিয়োগ বাড়াতে হবে। তারা অভিযোগ করেন, নবায়নযোগ্য শক্তির বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন এ খাতে পর্যাপ্ত বিনিয়োগ হয়নি।
তরুণ জলবায়ু কর্মীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ, ইয়ুথনেট গ্লোবাল, ৩৫০ বাংলাদেশ ও মুক্ত চিন্তা যুব সেবা সংঘের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সহযোগী সংগঠন হিসেবে ছিল দোস্ত এইড বাংলাদেশ, নক্ষত্র যুব কল্যাণ সংস্থা, ভিএসডিএ, ক্লিন মসজিদ বাংলাদেশ, ক্লিন দিনাজপুর, রূপান্তর, স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটি, দিনাজপুর কমিউনিটি ফোরাম ও নকশি কুঠ।
উল্লেখ্য, সুইডিশ জলবায়ু কর্মী Greta Thunberg ২০১৮ সালে ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের সূচনা করেন। সেই আন্দোলনের অংশ হিসেবে একই দিনে দেশের ৫০টি জেলায় এ কর্মসূচি পালিত হয়েছে বলে আয়োজকেরা জানান।
মতামত