বীরগঞ্জ

বীরগঞ্জে সিরাত প্রতিযোগিতার ফল ঘোষণা, বিজয়ীদের হাতে পুরস্কার

প্রিন্ট
বীরগঞ্জে সিরাত প্রতিযোগিতার ফল ঘোষণা, বিজয়ীদের হাতে পুরস্কার

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:১০


মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ইত্তেহাদুল ওলামা ওয়াল কুররা আয়োজিত সিরাত প্রতিযোগিতা ১৪৪৮ হিজরি-২০২৬ ইং এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ মডেল মসজিদ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। আলেম-উলামা, শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইত্তেহাদুল ওলামা ওয়াল কুররা ওয়াল মুস্তামিঈন, বীরগঞ্জ শাখার আমীর হযরত মাওলানা নুরুল ইসলাম (সিলেটি হুজুর)।

সিরাত প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের উৎসাহিত করতে বিভিন্ন পর্যায়ে পুরস্কারের ব্যবস্থা করা হয়। প্রথম পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া প্রথম ১০ জনকে ১ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।


আয়োজকদের এ উদ্যোগে শুধু বিজয়ীদের নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে সম্মানিত ও উৎসাহিত করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের আগ্রহ আরও বাড়বে বলে জানান আয়োজকরা।


এ আয়োজনের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ। ইসলাম ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের কয়েকজনও সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে ধর্মীয় জ্ঞানচর্চার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে।


আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জানার আগ্রহ সৃষ্টি এবং তাঁর নৈতিক ও মানবিক শিক্ষাগুলো সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, সহমর্মিতা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে ইত্তেহাদুল ওলামা ওয়াল কুররার উপদেষ্টা পরিষদের সদস্য হযরত মুফতি জুবায়ের আহমদ, হযরত মাওলানা আব্দুর রহমান, হযরত মাওলানা আবুল হাশেম, হযরত মাওলানা হিফজুর রহমান, হযরত মাওলানা এনামুল হক, হযরত মাওলানা আব্দুল জব্বার, হযরত মুফতি আব্দুল কাইয়ুম ও হযরত মাওলানা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।


আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আহসান হাবিব, বিশিষ্ট সমাজসেবক ও এন.এ ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. আকরামুল ইসলাম জোয়ারদার (সোহাগ), মিরপুর ট্যুরস্ এন্ড ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার আলহাজ্ব মাজেদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. মো. মোজাম্মেল হক, বিশিষ্ট লেখক ও গবেষক এবং মুরাবাহা বিজনেস পয়েন্টের চেয়ারম্যান মুফতি মোস্তাকিম আমীর, জয়নন্দ ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. শামিউল আলম ছন্দ এবং নিউ পপুলার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর আলম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জাহিদুল ইসলাম, মাজবোয়াল ফয়জুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান, মরিচা দারুল ফুরকান হাফেজিয়া মাদরাসার পরিচালক ক্বারী হাসানুর রহমান, গোলাপগঞ্জ রাহমানিয়া হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফেজ শহিদুল ইসলাম, কবিরাজহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদুল ইসলাম, বীরগঞ্জ বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতি সাদেকুল ইসলাম, দারুল হিকমা মহিলা মাদরাসার নাজেমে তালীমাত মাওলানা আব্দুল কাইয়ুম, বীরগঞ্জ থানা জামে মসজিদের খতিব মুফতি রিদওয়ানুল্লাহ, আল-মদিনা খুশবু ঘরের স্বত্বাধিকারী ক্বারী মুহিবুল্লাহ আল মামুন, বিশিষ্ট সমাজসেবক মোখলেসুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী মাহদী হাসানসহ স্থানীয় আলেম-উলামা ও বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা মহানবী (সা.) এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার পাশাপাশি তাঁর শিক্ষা ও মানবিক মূল্যবোধ বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান।