হাকিমপুর

হাকিমপুরে খড়ের পালায় অগ্নিসংযোগ সহ বিভিন্ন মামলায় ৩ যুবক আটক

প্রিন্ট
হাকিমপুরে খড়ের পালায় অগ্নিসংযোগ সহ বিভিন্ন মামলায় ৩ যুবক আটক

প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, রাত ১০:৫২


দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা, ইটাই ও বাঁশমুড়ি এলাকায় গত কয়েক দিনে একাধিক খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে আবারও বাওনা গ্রামে কয়েকজনের খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা গ্রামে তিন জনের খড়ের পালায় আগুন দেওয়ার পর সর্বশেষ আব্দুর রহমানের খড়ের পালায় আগুন দেয় এক যুবক। এ সময় গ্রামবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারদিক ঘিরে ফেললে ওই যুবক পালানোর চেষ্টা করেন। পরে পাশের একটি পুকুরে লুকিয়ে থাকা অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. জিহাদ হোসেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তিনি প্রায় তিন থেকে চার বছর ধরে বাওনা এলাকায় বিভিন্ন মানুষের বাড়িতে কাজ কর্ম করে আসছিলেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন। এছাড়া কিছুদিন আগে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিহাট ও কামন্দিয়া বাজার এলাকায় কয়েক মাস বোবা সেজে চলাফেরা করেছেন বলেও জানা গেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, জিহাদ নিজের নাম বলতে পারলেও বাবা-মায়ের নাম বা পূর্ণ ঠিকানা স্পষ্টভাবে বলতে পারেননি। তার কাছে কোনো জাতীয় পরিচয়পত্রও পাওয়া যায়নি। বাড়ির ঠিকানা জানতে চাইলে তিনি যশোরের বেনাপোল সীমান্ত এলাকার কথা উল্লেখ করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, ইটাই, বাওনা ও বাঁশমুড়ি এলাকায় সম্প্রতি সংঘটিত খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনাগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে। তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান,খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনায় জিহাদ হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান বাদি থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, এছাড়াও হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে থানার পাউশগাড়া এলাকার হাবিল সরকারের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) কে গ্রেফতার পূর্বক ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং হাকিমপুর চুরি মামলায় পার্শ্ববর্তী নবাবগঞ্জ থানার পুটিমাড়া এলাকার মৃত আব্দুর রউফ এর ছেলে গোলাম রব্বানী (৪২) কে গ্রেফতার করে আদালতের পাঠানো হয়েছে।