‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম এমপি।
প্রধান অতিথী তার বক্তব্যে বলেন গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সোমবার(৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)কাহারোলের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা,ঋণের চেক ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় কাহারোল উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে ও কাহারোল সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ গোলাম রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরিচালক ও কাহারোল ইউসিসিএ লিমিটেট এর সভাপতি মোঃ নুরল ইসলাম,কাহারোল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শ্যামল চন্দ্র বর্মন, কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, কাহারোল উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আরমান আরা, উপজেলা মৎস্য কর্মকর্তা জোবাইদা নাজনীন,জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন রাজা।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি এবং বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।
শেষে বিআরডিবির উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ,পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপস্থিতিদের হাতে দুটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন মঞ্জুরুল ইসলাম এমপি।
মতামত