দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুলাই ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার ১ নম্বর নশরতপুর ইউনিয়নের নশরতপুর প্রধানপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. আইয়ুব আলীর নেতৃত্বে চিরিরবন্দর থানার একটি টিম মাদকবিরোধী অভিযান চালানোর সময় গাঁজা সেবনরত অবস্থায় মো. ফজলে রাব্বি (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে। পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন্নবী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
অভিযানের সময় আটক ব্যক্তির কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা, একটি গ্যাস লাইটারসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মতামত