রোস্তম আলী কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ঢেপা নদীতে সাঁতার কাটতে গিয়ে মাদ্রাসা ছাত্র মো: আল ইমরান (১৫) নিখোঁজ হওয়ার ৩২ ঘন্টা পর তার ভাসমান লাশ উদ্ধার করে কাহারোল থানা পুলিশ।
নিখোঁজ ছাত্র ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কালিগাঁও গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে। সে কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়ার মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসা ও এতিমখানা দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
জানা যায় ২৬ জুন শুক্রবার বেলা আনুমানিক ১১ ঘটিকায় উপজেলার মুকুন্দপুর শ্মশান ঘাটের পূর্ব পাশে মাদ্রাসা থেকে ১ কিলোমিটার দূরে ঢেপা নদীতে মো.আল ইমরান, মো. সাকিব, মো.আলআমিন এবং মো. ফেরদৌস নদীর পাড়ে খেলার উদ্দেশ্যে যায়। এ সময় আল ইমরান সাঁতার কাটার জন্য নদীতে নামলে নদীতে স্রোত থাকায় সে তলিয়ে যায়।
নদীতে প্রবল স্রোত থাকায় স্থানীয় এক ব্যক্তি উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে উপস্থিত অন্যান্য ছাত্ররা মাদ্রাসা কর্তৃপক্ষকে সংবাদ দিলে মাদ্রাসা কর্তৃপক্ষ কাহারোল ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় উদ্ধারে ব্যর্থ হলে রংপুর ডুবুরি দলকে খবর দেয়। রংপুর ডুবুরি দল ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় উদ্ধার কার্যক্রম শেষে ডুবে যাওয়া ছাত্রকে উদ্ধারে ব্যর্থ হয়।
অবশেষে ৩২ ঘন্টা পর ২৭ জুন বিকাল ৫ টায় ডুবে যাওয়া মাদ্রাসা ছাত্রের ভাসমান লাশ ২ কিলোমিটার দূরে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের তেলেঙ্গি বাজার মাকলা ফাটা নদীর ঘাট থেকে কাহারোল থানা পুলিশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
মতামত