ঘোড়াঘাট

ঘোড়াঘাটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিকদের নতুন সংগঠনের যাত্রা শুরু

প্রিন্ট
ঘোড়াঘাটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিকদের নতুন সংগঠনের যাত্রা শুরু

প্রকাশিত : ২১ জুন ২০২৬, সকাল ১০:৩১


দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিকদের অধিকার, কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে “ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিক ঐক্য ও উন্নয়ন সংগঠন”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (২০ জুন) রাত ১০টার দিকে পৌর শহরের আজাদ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঘোড়াঘাট পৌর শাখার আহ্বায়ক সবুজ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।

বিশেষ অতিথি ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ কৌশিক মণ্ডল, নূর মোহাম্মদ, আমিরুল, জাহিদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার মিলন বলেন, “ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিকরা জীবিকার তাগিদে প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সংগঠিত হওয়ার বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “এই সংগঠন শ্রমিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা সমাধান এবং কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বক্তারা শ্রমিকদের অধিকার আদায়, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এর আগে ফিতা কেটে সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে সংগঠনের সফলতা ও শ্রমিকদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।