শুরু হয়ে গেছে লিচুর মৌসুম। উত্তর জনপদের দিনাজপুরের বীরগঞ্জ বাজারে রসালো ফল লিচুর সমাগম শুরু হয়েছে। জ্যৈষ্ঠের আগাম বার্তায় বাজারে আসা এই লিচুর দাম কিছুটা চড়া থাকলেও স্বাদ নিতে কার্পণ্য করছেন না ক্রেতারা।
এবার চায়না-৩ ও মাদ্রাজী জাতের লিচুর ফলন ভালো হলেও অন্যান্য জাতের লিচুর ফলন তুলনামূলক কম হয়েছে। তবে বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি এ রসালো ফল।
শনিবার (২৩ মে) সরেজমিনে উপজেলার সদর তাজ মহল সিনেমা হলে সংলগ্ন এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয় বাগানের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকেও লিচু আসতে শুরু করেছে। বিক্রেতারা বাঁশের ঝুড়ি ও ডালায় সাজিয়ে বিভিন্ন জাতের লিচু বিক্রি করছেন। বর্তমানে মাদ্রাজী জাতের লিচু প্রতি ‘শ’ ২৫০ টাকা থেকে ৩০০ টাকা দরে বিক্রি হলেও ক্রেতাদের ব্যাপক চাহিদা রয়েছে। অপরদিকে বোম্বাই ও বেদানা জাতের লিচু বাজারে আসতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে বলে জানান তারা। বিক্রেতারা জানান, বাজারের সব থেকে চাহিদাসম্পন্ন চায়না ৩ আসতে আরও কমপক্ষে ১ মাস সময় লাগবে।
এ উপজেলায় এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। প্রতিটি গাছে ঝুলছে টসটসে পাকা লিচু, যা দেখে কৃষকদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। বীরগঞ্জের চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এই সুস্বাদু লিচু।
সাইফুল ইসলাম নামে এক ক্রেতা বলেন,নতুন ফল দেখে লোভ সামলাতে না পেরে ১০০ লিচু ক্রয় করলাম। কিন্তু এসব লিচু এখনও পরিপক্ক হয়নি। খেতে টক মিষ্টি,এখনও সময় লাগবে। তবুও নিলাম। মৌসুমি ফল হিসেবে। পৌরশহরের পুরাতন শহীদ মিনার সংলগ্ন এলাকার ফল ব্যবসায়ী হান্নান শাহ বলেন,দুই তিনদিন থেকে বাজারে লিচু উঠেছে। সকালে বাগানিরা কিছু করে লিচু নিয়ে আসছেন। মাদ্রাজি লিচুতে প্রচন্ড গরমে লিচুর রং চলে এসেছে। নতুন ফল হিসেবে বাজারে লিচুর চাহিদা ব্যাপক। সরবরাহ তুলনামূলক কম হওয়ায় দাম কিছুটা বেশি।
কিন্তু ক্রেতারা বেশ আগ্রহ নিয়ে লিচু কিনছেন। তবে বর্তমান পরিস্থিতি দেখে লিচুর দাম কমার কোনো আলামত এখনই দেখা যাচ্ছে না।
বাজারে আসা ক্রেতারা জানান, মৌসুমের প্রথম ফল হিসেবে পরিবারের জন্য শখ করে লিচু কিনছেন তারা। তবে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলে আরও ভালো হত বলে অনেকের মতামত।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, ‘বাজারে লিচু উঠতে শুরু করেছে যা ইতিবাচক। তবে এই সময়ে অভিভাবকদের প্রতি আমাদের বিশেষ পরামর্শ থাকবে একবারে শিশুদের অতিরিক্ত পরিমাণ লিচু খাওয়ানো থেকে বিরত থাকুন। বিশেষ করে খালি পেটে শিশুদের লিচু খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই এ বিষয়ে সচেতন থাকা জরুরি।’
মতামত