পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুস্থ, অসহায় ও গরিব মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ তুলে দেওয়া হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থের মাধ্যমে উপজেলার ৩৩১ জন প্রান্তিক, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা পেয়ে উপকারভোগী প্রান্তিক পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে। উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, সরকার সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দেশের কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র মানুষের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। স্থানীয়দের মাঝে এ উদ্যোগকে ঘিরে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
মতামত