ফুলবাড়ী

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত

প্রিন্ট
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:০৩


বাংলাদেশ ছাত্র ফেডারেশন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার প্রথম সম্মেলন আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলনস্থলে এসে শেষ হয়।

“সবার জন্য মানসম্মত শিক্ষা ও নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠানের দাবিতে ঐক্যবদ্ধ হোন”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক শাকিরুল ইসলাম শাকি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সদস্যসচিব সিফাত সরকার।

সম্মেলনের উদ্বোধন করেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

এ ছাড়া সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন, গণসংহতি আন্দোলনের ফুলবাড়ী শাখার আহ্বায়ক আবুল খায়ের, সদস্যসচিব আব্দুল মোতালিব পাপ্পু এবং তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য ও শ্রমিক নেতা মো. হামিদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।