ফুলবাড়ী

ফুলবাড়ীতে বিজ্ঞান মেলার উদ্বোধন: শিক্ষার্থীদের উদ্ভাবনীতে প্রাণবন্ত আয়োজন

প্রিন্ট
ফুলবাড়ীতে বিজ্ঞান মেলার উদ্বোধন: শিক্ষার্থীদের উদ্ভাবনীতে প্রাণবন্ত আয়োজন

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:১৯


“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) মো. শাহানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা তসলিমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।

মেলায় জুনিয়র গ্রুপে ১০টি মাধ্যমিক বিদ্যালয় এবং সিনিয়র গ্রুপে ৫টি কলেজ অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, আধুনিক নগরায়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী মডেল উপস্থাপন করে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চর্চা তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের পথকে আরও সুদৃঢ় করবে।

দুই দিনব্যাপী এ মেলাকে ঘিরে উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।