দিনাজপুর

দিনাজপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক কেয়ারারস দিবস পালিত

প্রিন্ট
দিনাজপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক কেয়ারারস দিবস পালিত

প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৬


দিনাজপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক কেয়ারারস দিবস পালিত হয়েছে। 

'স্বীকৃতি থেকে কার্যকর উদ্যোগ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। 

পরে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) আয়োজনে ও কেয়ারারস ওয়ার্ল্ডওয়াইড ও ভিটোল ফাউন্ডেশনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শিশু একাডেমীতে গিয়ে শেষ। সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিচর্যাকারী (কেয়ারারস) এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় টিকিয়ে রাখতে কেয়ারার বা পরিচর্যাকারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক দায়িত্ব পালন করে আসছেন। অথচ তাদের এই অক্লান্ত শ্রম ও ত্যাগের বিষয়টি অনেক সময়ই আড়ালে থেকে যায়। কেয়ারারদের কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান, তাদের মানসিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের অধিকার রক্ষায় কার্যকর আইনি ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।

দিনাজপুর কেয়ারারস এ্যাসোসিয়েশনের সভাপতি তাপসী রায়ের সভাপতিত্বে ও সিডিএ'র ফিল্ড কোঅর্ডিনেটর শৈলেন্দ্র চন্দ্র রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোরশেদ আলী খান বক্তব্য রাখেন। এছাড়াও সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার উর্মি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রেশন) হাবিবা খাতুন ও সিডিএর প্রজেক্ট ম্যানেজার মুকুল কিসকু বক্তব্য রাখেন।