শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সোমবার (৫ অক্টোবর) সকাল দশটায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এবং বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় শিক্ষক সমাবেশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আহমেদ শাহ-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি ও খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা খানম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক ও দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আসাদুজ্জামান বাবু, দলুয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল আহাদ এবং বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল কাশেম।
বক্তারা বলেন, শিক্ষকরাই মূলত একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর। একটি মানবিক, প্রগতিশীল, শিক্ষিত ও উন্নত সমাজ বিনির্মাণে শিক্ষকদের অনন্য ভূমিকার কোনো বিকল্প নেই। তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দেওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শিক্ষকদের নানাবিধ পেশাগত দাবি ও প্রত্যাশা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
মতামত