দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানক্ষেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশের ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোকছেদুল ইসলাম উপজেলার ইছামতী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মোকছেদুল। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয়রা ঈদগাহ মাঠের পাশে ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে চিরিরবন্দর থানার পুলিশকে খবর দেন। পরে চিরিরবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁর গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোকছেদুল ইসলামকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তাঁর চার্জার ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
মতামত