দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম শুকনা গাঁজাসহ মো. কুদ্দুস আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের সুরিল বিলপাড়া গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে চিরিরবন্দর থানার একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সুরিল বিলপাড়া বেড়িবাঁধের ওপর কুদ্দুস আলীকে ১০ পুরিয়া শুকনা গাঁজাসহ আটক করা হয়। উদ্ধার করা গাঁজার পরিমাণ ২০ গ্রাম।
পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত কুদ্দুস আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত কুদ্দুস আলী উপজেলার সুরিল বিলপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
চিরিরবন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে
মতামত