দিনাজপুরের ফুলবাড়ীতে খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পের প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণ, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও কবরস্থানের ব্যবস্থা করাসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন প্রকল্পের বাসিন্দারা। এসব দাবিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আশ্রয়ণ প্রকল্প এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।
খয়েরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পে ২৪৬টি পরিবার বসবাস করে বলে জানান বাসিন্দারা। তাদের অভিযোগ, বসবাসের জন্য ঘর দেওয়া হলেও দীর্ঘদিন ধরে প্রকল্পের নানা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, খয়েরবাড়ী বাজারগামী মূল পাকা সড়ক থেকে আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে রিকশা-ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। প্রকল্পের অধিকাংশ বাসিন্দা শ্রমজীবী হওয়ায় অনেকে রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সড়কের বেহাল অবস্থার কারণে বর্ষায় অনেক সময় তারা যানবাহন নিয়ে বের হতে পারেন না। এতে আয়-রোজগার ব্যাহত হয়ে পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়তে হয় বলে দাবি করেন তারা।
বাসিন্দারা আরও জানান, প্রকল্পের অভ্যন্তরে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দীর্ঘসময় পানি জমে থাকায় মশা-মাছির উপদ্রব বাড়ছে এবং পানিবাহিত রোগের আশঙ্কাও তৈরি হচ্ছে।
মানববন্ধনে বাসিন্দারা বলেন, ‘আমরাও এ দেশের নাগরিক। আমাদের সন্তানদের জন্য এখানে একটি স্কুল ও মাদরাসা প্রতিষ্ঠা, একটি কবরস্থানের ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। প্রকল্পের আশপাশে সরকারি যে জমি রয়েছে, সেগুলো চাষাবাদের জন্য ব্যবহারের সুযোগ দেওয়া হলে অনেক পরিবার উপকৃত হবে।’
তাদের অভিযোগ, আশ্রয়ণ প্রকল্পের অনেক বাসিন্দা ফুলবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটার হওয়ায় ইউনিয়ন পরিষদের আওতাধীন উন্নয়নমূলক কাজ ও নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারা সমস্যার মুখে পড়ছেন। ফলে সড়ক, ড্রেনেজসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা থেকেও দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত রয়েছেন।
মানববন্ধনে বক্তব্য দেন আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান এবং বাসিন্দা সাইদুর রহমান, ফেরদৌসী আরা, মনজিলা বেগম, রামপ্রসাদসহ অনেকে।
আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, ‘এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। সর্বশেষ ২২ সেপ্টেম্বর ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে।’
তিনি জানান, আবেদনে আশ্রয়ণ প্রকল্পের প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক দ্রুত পাকাকরণ, পানি নিষ্কাশনের জন্য প্রকল্পের ভেতর থেকে নদীর সংযোগ পর্যন্ত প্রয়োজনীয় ড্রেন নির্মাণ, স্কুল প্রতিষ্ঠা এবং কবরস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
বাসিন্দারা বলেন, সড়কটি পাকাকরণ ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা করা হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে। একই সঙ্গে শিক্ষার্থী, রোগী ও শ্রমজীবী মানুষের যাতায়াত সহজ হবে। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।
মতামত