ফুলবাড়ী

শরতের আবহে ফুলবাড়ীতে তিন দিনের উদ্যোক্তা মেলা

প্রিন্ট
শরতের আবহে ফুলবাড়ীতে তিন দিনের উদ্যোক্তা মেলা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:১৬


শরতের আবহে দিনাজপুরের ফুলবাড়ীতে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। ‘ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার’ নামে একটি সংগঠনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল চারটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, ভেটেরিনারি সার্জন সজীব হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মণ্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা তাসলিমা খাতুন, প্রকৌশলী কর্মকর্তা সোহানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, স্থানীয়ভাবে উদ্যোক্তা তৈরি, তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো এ মেলার মূল উদ্দেশ্য। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের নিজেদের তৈরি পণ্য প্রদর্শন ও ক্রেতাদের কাছে সরাসরি পৌঁছানোর সুযোগ করে দেওয়াও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি নারী উদ্যোক্তা ও সাংবাদিক কংকনা রায় এবং কোষাধ্যক্ষ আইরিন আক্তার হিরা বলেন, ঘরে ঘরে উদ্যোক্তা থাকলেও প্রয়োজনীয় দিকনির্দেশনা, পুঁজি ও সহযোগিতার অভাবে অনেকে এগিয়ে যেতে পারছেন না। উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

তাঁরা বলেন, উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণ, কারিগরি ও বাজারজাতকরণ সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস এবং সরকারি আয়োজনে উদ্যোক্তা মেলার সুযোগ তৈরি হলে স্থানীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণে তা ভূমিকা রাখবে।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন তরুণ ও তরুণী উদ্যোক্তা ১৩টি স্টলে নিজেদের তৈরি ও বিপণনযোগ্য পণ্য নিয়ে অংশ নিয়েছেন। এসব স্টলে হস্তশিল্প, হাতে তৈরি পোশাক, বিভিন্ন ধরনের গহনা, ঘর সাজানোর সামগ্রী, দেশীয় পণ্য ও নানা ধরনের খাবার স্থান পেয়েছে।

তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে পণ্য দেখার পাশাপাশি পছন্দের পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। উদ্বোধনের দিন মেলায় বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিও দেখা গেছে।