দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাহাডুবি গাইনপাড়া গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মুরসালিনা ইসলাম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ধনগাঁও গ্রামের হাপিকুল ইসলামের মেয়ে
হুমাইরা আক্তার হিয়া (১০) নামে এক শিশু আহত হয়েছে।
শনিবার (২৩মে) দুপুরে দেউলী মুন্সিপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরসালিনা ইসলাম উপজেলার শিবরামপুর ইউনিয়নের সাহডুবি গ্রামের মোঃ মমিনুর ইসলামের ছেলে। তারা দেউলী মুন্সীপাড়া নুরানি মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয়রা জানান,দুপুরে মাদ্রাসা ছুটি হলে মুরসালিনা ইসলাম ও হুমাইরা দু'জনে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর তাদের ধাক্কা দিলে মুরসালিনা ইসলাম ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও জেলা সদর হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা যায়।
বীরগঞ্জ থানার এসআই সুমন দেবনাথ জানান,স্থানীয় লোকজন ট্রাক্টরটিকে আটক করেছে তবে চালক পালিয়ে গেছে। আমরা ট্রাক্টর উদ্ধার করেছি।
বীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মতামত