আজ ৯ ডিসেম্বর। রোকেয়া দিবস। সমাজে নারীর ন্যায্য আত্মমর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক অধিকার, সুবিচার নিশ্চিতকরণ ও মানবিক মর্যাদার সংগ্রামে রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২) বিশশতকের এক বিদ্রোহী নারী সত্তার প্রতীক। নারীর প্রতি সমকালীন সমাজব্যবস্থা, সামাজিক বৈষম্য, অবরুদ্ধ, প্রথাবদ্ধ সামন্তীয় মূল্যবোধের সংস্কৃতিতে তাঁর ক্ষোভ তীব্র বিক্ষোভে পরিণত হয়েছিল। শত প্রতিকূল বাঁধা সত্ত্বেও তিনি যেমন ভেঙে পড়েননি। তেমনি হতাশও হোননি। ছিলেন আশাবাদী। স্বপ্ন দেখেছিলেন নারী একদিন পুরুষের সমকক্ষ হিসেবে সমাজ কাঠামোর মূল স্রোতে প্রতিষ্ঠিত হবে। সেই
দৃপ্ত শক্তিতে বলীয়ান রোকেয়া কলম ধরেছিলেন সাহিত্যের প্রান্তরে। লিখেছেন মতিচূর, অবরোধবাসিনী মতো বিখ্যাত সব রচনা।
রোকেয়া'র দর্শনের মূল ভিত্তি ছিল নারীশিক্ষা ও সমাজে নারীর ক্ষমতায়ন। সচেতনভাবে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে, নারীরা আমাদের সমাজের অর্ধাঙ্গ। এই অর্ধাঙ্গকে উন্নত না করে গোটা সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সেজন্য নারীকে প্রথমত শিক্ষা অর্জনের পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন অর্জন করতে হবে। কারণ অর্থনীতি হলো সমাজ কাঠামোর মূল ভিত্তি। যে ভিত্তির উপর সমাজে নারী-পুরুষের অন্যান্য সম্পর্কগুলোর ভিত মজবুত হয়। সেজন্য রোকেয়া বলেছিলেন- "কন্যাদিগকে শিক্ষা দিয়ে কর্মক্ষেত্রে ছাড়িয়া দাও। নিজের অন্নবস্ত্র নিজে উপার্জন ।" অর্থাৎ এ অধিকার ও সুযোগ দেওয়ার অর্থ হলো নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। রোকেয়া জানতেন- যথোপযুক্ত শিক্ষা ব্যক্তিসত্তার আর্থ-সামাজিক বিকাশের গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সমাজসত্তার পূর্ণাঙ্গ বিকাশ ব্যক্তিসত্তা বিকাশের পূর্বশর্ত।
১.
বাংলাদেশের মোট বসবাসকৃত জনগোষ্ঠীর অর্ধেকের বেশি ৫০.৪৩ শতাংশ নারী। তাই দেশকে উন্নয়নের পথে এগোতে হলে আজকে আমাদের নারীসমাজকে সঙ্গে নিয়েই এগোতে হবে। এ নারী সমাজকে উপেক্ষা করে রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন সম্ভব না। বিকাশের ক্ষেত্রে যে শিক্ষা গুরুত্বপূর্ণ সহায়ক, বাংলাদেশে সেই নারীরা "২০২৩ মাধ্যমিক স্তরে তাদের ঝরে পড়ার হার ৩৪ দশমিক ৮৭ শতাংশ। ২০২২ সালে এই হার ছিল ৪০ দশমিক ৭৮ শতাংশ। এদিকে, উচ্চ মাধ্যমিক স্তরে ঝরে পড়ার মোট হার মেয়েদের ক্ষেত্রে ২২ দশমিক ৪৫ শতাংশ। (ব্যাইনবেইস-২০২৪)" অন্যদিকে "গত ১০ বছরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১৩ সালে ছাত্রী ভর্তির হার ছিল প্রায় ৩৮ শতাংশ। সেখানে গত বছর (২০২৪) তা বেড়ে হয়েছে ৫০.৪১ শতাংশ। চিকিৎসা শিক্ষায় ৬৩ শতাংশই নারী। এ ছাড়া মাদ্রাসা শিক্ষায় মোট শিক্ষার্থীর মধ্যে ৫৫ শতাংশের বেশি ছাত্রী। তবে কারিগরি শিক্ষায় ছাত্রীদের হার ২৯ শতাংশের একটু বেশি। (প্রথম আলো,১২ মে,২০২৫)।" অথচ গত শতাব্দীতেই রোকেয়া লিখেছিলেন " আমরা সমাজের অর্ধাঙ্গ। আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি করিয়া (রোকেয়া রচনাবলী)।"
উক্ত পরিসংখ্যান আসলে সমাজের গড় হিসাব। কিন্তু প্রকৃতপক্ষে মোট জনগোষ্ঠীর নারীর ক্ষেত্রে তা অপ্রতুল। কারণ শিক্ষায় নারীর যে অংশ ঝড়ে পড়ছে বা মূলস্রোতে আসতে পারছে না তাদের আসলে প্রকৃত চিত্র বা সামাজিক অবস্থান কি? তাদের বেশির ভাগ যৌতুক ও বাল্যবিবাহের মতো প্রথার শিকার হোন। আবার যারা শেষ পর্যন্ত টিকে আছেন তাদের ক'জন কর্মক্ষেত্রে প্রবেশ করছে তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। সবমিলিয়ে "আমাদের সমাজে এখনো নারীরা পিছিয়ে। সম্পত্তির উত্তরাধিকার ক্ষেত্রে, শিক্ষা, চাকরিজীবনে বিভিন্ন বৈষম্য, যৌন হয়রানি ও হেনস্তার শিকার। পুরুষতান্ত্রিক সমাজে নারীরা তার অধিকার সম্পর্কে আরও বেশি অসচেতন (জনকণ্ঠ, ৮ মার্চ, ২০২৩)।" পর্যালোচনায় দেখা যায় উচ্চশিক্ষিত মেয়েদের সামাজিকভাবে বিয়ে, সন্তান জন্মদান, চাকরি ও সংসার চালাতে গিয়ে মানসিক বৈকল্যতার শিকার হতে হচ্ছে। বিশেষ করে আমাদের সামন্তীয় মূল্যবোধে প্রোথিত শহর ও গ্রামীণ সমাজে উচ্চশিক্ষিত নারীরা কটাক্ষ, হেনস্তার শিকার হোন। এসবের প্রতিবাদ করলে তারা হয়ে পড়েন সামাজিক ভাষায় "বেয়াদব"। রোকেয়া এ ধরনের পুরুষতান্ত্রিক মনোভাব বিরুদ্ধে গিয়ে গত শতাব্দীতে ক্ষোভের উদ্রেকে বলেছিলেন:" সমাজ আমাদের উচ্চশিক্ষা লাভ করা অনাবশ্যক মনে করে। এবং স্বীকার করি যে শারীরিক দুর্বলতাবশত নারীজাতি অন্যের সাহায্য কামনা করে। তাই বলিয়া পুরুষ আমাদের প্রভু হইতে পারে না(রোকেয়া রচনাবলী)।"
সাম্প্রতিক ব্র্যাকের গবেষণা আরও বলছে এ আধুনিক সময়ে এসেও "বাংলাদেশের সমাজে ৬০ শতাংশ বাল্যবিবাহ চর্চা হচ্ছে। যেখানে মাধ্যমিকের আগে ৫৬শতাংশ মেয়ের বাল্যবিবাহ হয়।" সবমিলিয়ে বিশ্বে বাল্যবিবাহে বাংলাদেশের অবস্থান ৮ম। গ্রামীণ সমাজ, শহরের বস্তি, নিম্নমধ্যবিত্ত ছাড়াও শহরের শিক্ষিত মধ্যবিত্ত ও আধুনিক পরিবারগুলোতে বাল্যবিবাহ ইদানিং সময়ে চোখে পড়ার মতো।অন্যদিকে দেশে "নারী নির্যাতনের হার" এক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, "২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৩৬৪ জন ধর্ষণের শিকার, এর মধ্যে ২২০ জন কন্যা ও ১৪৪ জন নারী। ১৪৮ জন দলবদ্ধ ধর্ষণের শিকার, যার মধ্যে ৪৯ জন কন্যা ও ৯৯ জন নারী। ১৩৪ জন কন্যা ও ৭৭ জন নারী ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন (বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন: ২০২৪ সমীক্ষা)।" নারীর প্রতি এ অমানবিক নির্যাতনকে রোকেয়া বলেছিলেন পতঙ্গ-ভীতি। যে ভীতি দূর করবার জন্য নারী-পুরুষের প্রকৃত সুশিক্ষা কামনা করেছেন। যে শিক্ষায় মানসিক বিকাশ ঘটবে। দূর হবে এসকল সমস্যা।
২.
শারীরিক নির্যাতনের বাইরে সাম্প্রতিক সময়ে সবচেয়ে করুণ চিত্র দেখা গেলো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডাকসু, রাকসু, চাকসু, জাকসু নির্বাচনের সময় কি ভয়ংকরভাবে নারী শিক্ষার্থী ও কিছু নারী শিক্ষককে চরমভাবে সাইবার বুলিং এর শিকার হতে হলো। ভুয়া অনলাইন নিউজ পোর্টাল, ফেক আইডি থেকে সুনির্দিষ্ট টার্গেট করে এসব অপকর্ম চালানো হয়েছে। এর পিছনেও "নারীর ক্ষমতায়ন ও নারীদের মূল সমাজ স্রোতে" আসতে দিতে চায় না এসব সামন্তীয় ভেদবুদ্ধিসম্পন্নতা লালন করে সংঘচক্র জোড়ালোভাবে কাজ করেছে । এমনকি নির্বাচনের পরও এসব কাজ থেমে নেই। নির্বাচিত নারী প্রতিনিধিদের প্রতিপক্ষ হয়ে এখনো ওরা সক্রিয়। মান-সম্মানের ভয়ে অনেকে নারী শিক্ষার্থী ব্রাকসু, জকসু,শাকসুতে প্রার্থী হতে এখন নিজেরাই অপরাগ প্রকাশ করছেন।
ইতালির দার্শনিক এ্যান্থোনিও গ্রামসি লিখেছিলেন " সমাজ স্তরে নাগরিকদের ছোট ছোট ক্ষোভ বিক্ষোভে পরিণত হয়।" যা বাংলাদেশে ১৮'র ''নিরাপদ সড়ক আন্দোলন'' থেকে জুলাই ২৪'র গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের ক্ষোভ বিস্ফোরণে আন্দোলনে অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। যখন পুরুষ শিক্ষার্থীরা অত্যাচারের শিকার হতে থাকলো তখন নারী শিক্ষার্থীরাও হল এর তালা ভেঙে আন্দোলনে নেমে এসেছে। প্রতিবাদ করেছে৷ নির্যাতনের শিকার হয়েছে। শহিদও হয়েছে কয়েকজন নারী। তাদের এ আন্দোলনে সম্পৃক্ততা কেবলই কোটা সংস্কার নিয়েই ছিল না৷ তা স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সমাজকাঠামোতে নারী-পুরুষের প্রতি চলমান সমস্ত বৈষম্য, নির্যাতন, অত্যাচার,সাইবার বুলিং বন্ধ এবং মানুষ হিসেবে মানবিক মর্যাদা অধিকারের জন্যও ছিল।
রোকেয়া অনাহত ভূত নন, ভবিষ্যতের। আজকে কর্পোরেট কোম্পানি তাঁকে পুঁজির পুনরুৎপাদনের কাজে বানিয়েছে পণ্য। র্যাডিক্যাল নারীবাদীরা বানিয়েছে পুরুষ বিদ্বেষগামীর মূর্তমান প্রতীক; দেহ যার,জরায়ু যার সিদ্ধান্ত তার। এনজিওরা বানালো ক্ষুদ্র ঋণের নামে নারীর ক্ষমতায়। গুটিকয়েক নারীবাদীরা বানালো টিপ পড়ার স্বাধীনতার নাম রোকেয়া। আর রাজনীতিবিদরা বানালো বাৎসরিক নারী উৎসব। ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার বছরব্যাপী নিউজের সাইটেশন৷ জ্ঞান বিচ্যূত বক্তারা বানালো ধর্মবিরোধী মুরদাত। প্রগতিশীলরা বানালো তাদের রাজনৈতিক আন্দোলনের হাতিয়ার। যে যেভাবে পারছে, পারলো রোকেয়াকে দখল করা আরম্ভ করলো। বিক্রি করা শুরু করলো দেদারসে।
অথচ রোকেয়া সাখাওয়াত হোসেন এসবের বিরুদ্ধে ছিলেন। তাঁর সাহিত্য, প্রবন্ধ এসবের স্পষ্ট সাক্ষাৎ বহন করে। রোকেয়ার নারী দর্শন লিবারেল। লোকজ বাংলার জীবনবাদী দর্শনের সাথে বিশশতকে কলকাতা কেন্দ্রীক উঠতি মধ্যবিত্তের ভাবপ্রবণতার মিশ্রণ। যা একদিকে পাশ্চাত্য ও আবহমান বাংলার লোকায়ত জীবনের উদারবাদী মনস্তত্ত্ব চেতনার নির্যাস থেকে উৎসারিত হয়েছে। রংপুর অঞ্চলের এখনো আপনি সহজসরল উদারনৈতিক জীবনধারা দেখতে পাবেন। রোকেয়া আসলে যা-ই ছিলেন। চেয়েছিলেন শিক্ষা ও অর্থনৈতিক মুক্তি। যা নারীকে পুরুষের সাথে সহাবস্থানে প্রতিযোগী নয়, বরং সহযোগী হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ, নারী-পুরুষ এগিয়ে যাবে সভ্যতার বিকাশের পথে। আজকে "রোকেয়া দিসব-২৫"এ এসেও আমাদের নিকট নারীদের নিয়ে এসমস্ত যাবতীয় অপকর্ম ও সাইবার বুলিং-এর বিরুদ্ধে গিয়ে প্রতিরোধ ও প্রতিকার করা এক ধরনের সামাজিক ও রাষ্ট্রিক চ্যালেঞ্জই বটে।
মতামত