বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির মুখে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ সরেজমিন পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও করণীয় সম্পর্কে অবহিত করেন উপজেলা কৃষি বিভাগ।
গত দুই দিনের একটানা বৃষ্টিতে উপজেলার অধিকাংশ কৃষকের ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে চলতি মৌসুমে মাঠে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। পাশাপাশি কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আলু রোপণে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে একদিকে যেমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ বন্ধ হয়ে গেছে, অন্যদিকে অনেক কৃষকের কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ডুবে গেছে। একই সঙ্গে জমিতে রোপণ করা আলুর বীজও পানিতে ডুবে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
এছাড়া বিভিন্ন সবজিরও ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রবিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বালিঘাটা, ধরঞ্জী, বাগজানা, আটাপুর ও কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলের মাঠ পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী। তিনি নিজে মাঠে গিয়ে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত ধান ও আলুর জমির অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং বৃষ্টির পানি নেমে যাওয়ার পর ফসলের পরিচর্যা, জমির পানি নিষ্কাশনসহ পরবর্তী করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কৃষি কর্মকর্তাদের মাঠে দেখে স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জহির রায়হান ও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতামত