বীরগঞ্জ

বীরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রিন্ট
বীরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৪


দিনাজপুরের বীরগঞ্জে ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বীরগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, বিএনপি সরকার সব সময় কৃষিবান্ধব সরকার। কৃষি খাতকে আরও এগিয়ে নিতে সরকার ব্যাপক পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা প্রদান করে যাচ্ছে।

তিনি কৃষকদের উদ্দেশে বলেন, সরকারিভাবে বিনামূল্যে দেওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করতে হবে। পাশাপাশি ফসলের জমিতে নিয়মিত পরিচর্যা ও যত্ন নেওয়ার মাধ্যমে ভালো ফলন নিশ্চিত করতে হবে। শুধু বীজ ও সার পেলেই হবে না, সঠিক পদ্ধতিতে চাষাবাদ এবং প্রয়োজনীয় পরিচর্যার প্রতিও সবাইকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, এবার কৃষকদের ফসলের ফলন পর্যবেক্ষণ করা হবে। যারা সবচেয়ে ভালো ফলন অর্জন করতে পারবেন, তাদের আমার পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। কৃষকদের আরও উৎসাহিত করতে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রতিযোগিতা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সবাইকে আন্তরিকতার সঙ্গে চাষাবাদ ও ফসলের পরিচর্যা করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম তাঁর বক্তব্যে জানান, ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। এছাড়া ৭০ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ২০ কেজি গমের বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার দেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষকদের যেকোনো প্রয়োজনে উপজেলা কৃষি অফিস সব সময় পাশে থাকবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিতভাবে কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখবেন এ সার্বক্ষণিকভাবে চাষাবাদ, ফসলের পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন। কৃষকরা যেন ভালো ফলন অর্জন করতে পারেন, সে লক্ষ্যে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে সব সময় কাজ করে যাবেন। কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

কৃষক পরিতোষ চন্দ্র রায় বলেন, সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এতে আমাদের মতো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদের খরচ অনেকটা কমবে। বিশেষ করে সরিষা চাষে এ সহায়তা আমাদের জন্য বেশ উপকারী হবে।