বীরগঞ্জ

বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রিন্ট
বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, রাত ১০:৫৯


রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেশের প্রাণিসম্পদ উন্নয়ন, পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি’-এ লক্ষ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহরিয়ার মান্নানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, বর্তমান বিএনপি সরকার দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে। দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নের বিকল্প নেই।

তিনি বলেন, প্রাণিসম্পদ শুধু মানুষের আমিষের চাহিদা পূরণই করে না, এটি লাখ লাখ মানুষের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করেছে। তাই গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও দুগ্ধ উৎপাদনে খামারিদের আরও উৎসাহিত করতে হবে। এ খাতের সঙ্গে জড়িত খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশু সরবরাহ, আধুনিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বীরগঞ্জ ও কাহারোলের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের পাশে দাঁড়ানো, বেকার যুবকদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে উদ্বুদ্ধ করা এবং আধুনিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি খামারিদের উৎপাদিত দুধ, মাংস ও ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব উপজেলা বিএনপি'র ক্রিয়া বিষয়ক সম্পাদক মশিউর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।