দিনাজপুর

দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রিন্ট
দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১২



দিনাজপুরের পার্বতীপুরে চোরাইকৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের পূর্ব কুঠিপাড়া ও বেলাইচণ্ডী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী পূর্ব কুঠিপাড়া এলাকার মোঃ রাসেদুল রহমান ওরফে দুলাল (২৭) এবং সোনাপুকুরের চাকলাপাড়া এলাকার মোঃ সাইফুল ইসলাম (২৮)।

পুলিশ জানায়, দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল প্রথমে পূর্ব কুঠিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রাসেদুল রহমান দুলালকে একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের Suzuki Gixxer 150 সিসি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।

পরে গ্রেপ্তার রাসেদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে বেলাইচণ্ডী বাজার এলাকায় ইপিজেড সংলগ্ন শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সাইফুল ইসলামকে একটি রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের Bajaj Discover 100 সিসি মোটরসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুইজন দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন থানা এলাকা থেকে কৌশলে মোটরসাইকেল দুটি চুরি করেছিলেন বলে স্বীকার করেছেন। অভিযানের সময় চক্রের আরও তিন সদস্য পালিয়ে যান।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।