চিরিরবন্দর

চিরিরবন্দরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

প্রিন্ট
চিরিরবন্দরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১:৫০


‎দিনাজপুরের চিরিরবন্দরে একই ঘর থেকে এক গৃহবধূ ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তাফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠলেও স্বজনদের দাবি, ওই গৃহবধূ ও তাঁর দুই সন্তানকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

‎নিহতরা হলেন, ওই গ্রামের শাকিল হোসেনের স্ত্রী স্বর্ণা আক্তার (২৩), তাঁদের ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আক্তার (১)।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিলের সঙ্গে তাঁর স্ত্রী স্বর্ণার পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রোববার সন্ধ্যা ৬টার পর পরিবারের সদস্যরা বাজারে গেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ তিনজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

‎এদিকে নিহত গৃহবধূর স্বজনেরা অভিযোগ করেছেন, স্বর্ণা ও তাঁর দুই সন্তানকে হত্যা করা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

‎দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।