দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে আবিদ নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন ট্রলিটিতে আগুন ধরিয়ে দিয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর শাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবিদ ওই এলাকার আশিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার (১১ অক্টোবর) দুপুরে পাকেরহাট থেকে বোর্ডেরহাট হয়ে কায়েমপুরের দিকে যাওয়ার পথে কায়েমপুর শাহপাড়া এলাকায় ট্রলির চাকায় পিষ্ট হয় শিশু আবিদ। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত