দিনাজপুরের খানসামা উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, রবিবার দুপুরে হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে খানসামা বাজারের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, খলিলুর রহমান উপজেলার অন্যতম রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বড় ভাই আবু হাতেম খানসামা উপজেলার প্রয়াত উপজেলা চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী রেখে গেছেন।
ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মতামত