ফুলবাড়ী

ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ কাজের উদ্বোধন

প্রিন্ট
ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত : ৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৮


দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণকাজের ফলক উদ্বোধন করেছেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে প্রথম ধাপে ৪ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে এ নির্মাণকাজ শুরু হচ্ছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় ফুলবাড়ী যমুনা ব্রিজের পশ্চিম পাড়ে জেলা পরিষদ ডাকবাংলোসংলগ্ন স্থানে এ ফলক উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এ. এস. এম. শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফলক উদ্বোধনের পাশাপাশি নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ করা হয়। পরে অতিথিরা নির্মাণাধীন পৌর পার্কের স্থান পরিদর্শন করেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পৌর পার্কটি নির্মিত হলে ফুলবাড়ী পৌরবাসীর অবসর বিনোদন, প্রাতঃভ্রমণ এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য একটি সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি হবে। পাশাপাশি পার্কটি স্থানীয় বাসিন্দাদের বিনোদনের সুযোগ বাড়ানোর পাশাপাশি শহরের সৌন্দর্য বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।