দিনাজপুরের ফুলবাড়ীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আহমেদ হাসান বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ. এস. এম. শাহাদাত হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম এবং সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত