ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)-এর উদ্যোগে "শিশুদের সঞ্চয়ী উদ্যোগ (মাটির ব্যাংকে)"-এর সাফল্য উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে ও সাদিয়া আক্তার জেমির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সুমা খাতুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও কার্যক্রমের উদ্দেশ্য তুলে ধরেন বীরগঞ্জ এডিপি ম্যানেজার জনাব রবার্ট কমল সরকার।
এরপর শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সার্বিক অগ্রগতি ও তথ্য উপস্থাপন করেন বীরগঞ্জ এডিপির প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা। উপস্থাপিত তথ্যে দেখা যায়, বীরগঞ্জ উপজেলার ৫ হাজার ৭৯২ জন শিশু (২ হাজার ৪৯৭ জন ছেলে ও ৩ হাজার ২৯৫ জন মেয়ে) এই সঞ্চয়ী উদ্যোগে অংশগ্রহণ করেছে। তাদের মাটির ব্যাংক ভেঙে জমানো টাকার পরিমাণ দাঁড়ায় ৪৮,৬৬,৮০৭ টাকা। এই সঞ্চয় দিয়ে তারা গৃহপালিত পশুপাখি ক্রয় করেছে—যার মধ্যে রয়েছে ২,৩০৫টি হাঁস, ৩,১১৭টি মুরগী, ৩৬৮টি কবুতর, ৯টি খরগোশ (যার মোট আনুমানিক মূল্য ২১,৪৯,৫৬৮ টাকা) এবং ৫২৪টি ছাগল (যার মূল্য ১৪,৮৩,৬৯০ টাকা)। এছাড়া ব্যাংকগুলোতে জমানো হয়েছে অতিরিক্ত ১,৭৫,৯৪০ টাকা। ফলে শিশুদের সর্বমোট সঞ্চয় ও সম্পদের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৮৬,৭৮,২০৫ টাকা।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে শিশু বক্তা মোহনপুরের মোঃ সাকিব ইসলাম ও সুজালপুরের অনুরাধা রানী। এছাড়া অভিভাবকদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন সুজালপুরের আরসি শিশুর অভিভাবক ছবি বেগম। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস শিশুদের সঞ্চয়ের এই অভ্যাসকে সাধুবাদ জানান এবং দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি নির্বাহী অফিসার সুমা খাতুন তার বক্তব্যে বলেন,উপজেলা ছোটবেলা থেকেই সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং শিশুদের এই প্রশংসনীয় উদ্যোগকে অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সর্বোচ্চ সঞ্চয়কারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
মতামত