দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারী ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ। এ সময় ছিনতাইকৃত স্বর্ণ দিয়ে তৈরি ৬টি নাকফুল, ২টি কানের দুল ও ২টি কানের রিং উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— দিনাজপুরের কোতোয়ালি থানার ফুলবাড়ি বাসস্ট্যান্ড (নিমনগর) এলাকার মো. শামছুল হকের ছেলে আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেল (৩০) এবং বিরামপুর থানার মামুনাবাদ এলাকার মো. আব্দুল মান্নান মির্জার ছেলে মো. রকিবুল ইসলাম রকিব (৩৩)।
প্রেস ব্রিফিংয়ে নিয়ে জানানো হয়, গত ২০ আগস্ট দুপুরে কোতয়ালি থানার মির্জাপুর এলাকায় বিআরটিসি বাস ডিপোর সংলগ্ন অর্পণা ছাত্রীনিবাসের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে এসে বেলী রানী নামে এক তরুণীর স্বর্ণের চেইন ছিনতাই করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় গত সোমবার রাতে চিরিরবন্দর থানার কাঁউগা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের সহযোগী মো. রকিবুল ইসলাম রকিবকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অপর আসামি মো. মুন্নাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত