পার্বতীপুর

পার্বতীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রিন্ট
পার্বতীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত : ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০৯


দিনাজপুরের পার্বতীপুরে অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের পরিচালক আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু। বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন, পার্বতীপুর আদর্শ কলেজের অধ্যাপক শহীদুল ইসলাম বাবলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, রেসিডেনসিয়াল মডেল স্কুল এর প্রধান শিক্ষক আরাফাত জামিলসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ২০২৬ সালে বিদ্যালয়ের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ১৮ জন, প্রাথমিক বৃত্তি অর্জন করেছেন ৭ জন। এছাড়া এসএসসি পরীক্ষায় ৩২ জন জিপিএ-৫সহ মোট ৫২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবারের পরীক্ষায় বিদ্যালয়টির পাসের হার ছিল শতভাগ।

এছাড়াও অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকিমা বানু।

প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু বলেন, শুধু পাঠদানই নয়, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিকতা বৃদ্ধিতে কাজ করতে হবে। মাদক থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে।