পার্বতীপুর

খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রিন্ট
খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, বিকাল ৫:২৫ আপডেট : ১০ জুলাই ২০২৬, বিকাল ৫:২৯


দিনাজপুরের পার্বতীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের নতুন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় তিনটি হোটেল এবং একটি বেকারীতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে,  বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্বতীপুর শহরের নতুন বাজার ও বাইপাস মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন "বিশুদ্ধ খাদ্য আদালত" দিনাজপুরের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী। এসময় তিন হোটেলে তৈরীকৃত দই এর পাত্রে বিএসটিআইয়ের মোড়ক/স্টিকার, উৎপাদন ও মেয়াদউর্ত্তীর্ণের তারিখ সম্বলিত লেবেল  না থাকায় শাহ হোটেল, বীর মুক্তিযোদ্ধা হোটেল ও মামা ভাগিনা নামে তিন হোটেল ১ লাখ করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, পাউরুটিতে উৎপাদনের প্রকৃত তারিখের সাথে মোড়কের ভিতরের স্টিকারের তারিখের মিল না থাকা ও খাদ্যে সাল্টু ব্যবহারের অপরাধে তাজ বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা,  উপজেলা স্যানোটারী ইন্সপেক্টর আবু নাসের ছাড়াও রেলওয়ে, মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা উপস্থিত ছিলেন।