সারাদেশ

জয়পুরহাটে স্বামী-স্ত্রীসহ ৪ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

প্রিন্ট
জয়পুরহাটে স্বামী-স্ত্রীসহ ৪ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত : ৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৯


জয়পুরহাটে পৃথক অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ায় জড়িত ছিলেন। একই অভিযানে স্বামী-স্ত্রীর কাছ থেকে ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার কালেক্টর স্কুলের সামনে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি এলাকায় পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার সময় স্মার্টফোনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আশরাফ ইসলামের ছেলে পাপ্পু (৩০) ও তার স্ত্রী মোছা. রিনা আক্তার (২২)। অপর দুজন হলেন পাঁচবিবি উপজেলার গোড়না গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. মাহফুজার রহমান (২৬) এবং ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামের শেখ সাদীর ছেলে শালিন হোসেন (২৪)।

জয়পুরহাট জেলা ডিবি পুলিশের এসআই মো. শাখাওয়াত হোসেন, এসআই মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই মো. সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই মো. সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজ হোসেন অভিযানে অংশ নেন।

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ওসি মো. আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলতেন। একই সঙ্গে তারা মাদক বেচাকেনার সঙ্গেও জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

তিনি আরও বলেন, অনলাইন জুয়া ও মাদক রাখার অভিযোগে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।