ঘোড়াঘাট

ঘোড়াঘাটে মাদক সেবন করে মাতলামি, ভ্রাম্যমাণ আদালতে ২ যুবকের কারাদণ্ড

প্রিন্ট
ঘোড়াঘাটে মাদক সেবন করে মাতলামি, ভ্রাম্যমাণ আদালতে ২ যুবকের কারাদণ্ড

প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, বিকাল ৫:১৯


দিনাজপুরের ঘোড়াঘাটে প্রকাশ্যে মাদক সেবন করে মাতলামির অভিযোগে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে অপরাধ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাবা তানজিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পৌর শহরের দক্ষিণ নয়াপাড়া এলাকার আব্দুর সাত্তারের ছেলে আবদুল্লাহ (২৭) এবং পূর্বপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোর্সালিন ইসলাম (২৭)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আবদুল্লাহ গাঁজা এবং মোর্সালিন টাপেন্টাডল সেবন করে প্রকাশ্যে মাতলামি করছিলেন। এ সময় তাদের আটক করে আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামির ঘটনায় দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে রোববারই তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।