ঘোড়াঘাট

ঘোড়াঘাটে নগদ লেনদেনের ঝুঁকি কমাতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

প্রিন্ট
ঘোড়াঘাটে নগদ লেনদেনের ঝুঁকি কমাতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

প্রকাশিত : ৬ জুলাই ২০২৬, বিকাল ৫:২৯


দিনাজপুরের ঘোড়াঘাটে নগদ অর্থ বহনের ঝুঁকি কমানো এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণে ক্যাশলেস ক্যাম্পেইনের আয়োজন করেছে পূবালী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, জাল নোট, খুচরা টাকার সংকট ও নগদ অর্থ বহনের ঝুঁকি এড়াতে ব্যক্তি ও ব্যবসায়ীদের মধ্যে ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়ানো প্রয়োজন।

সোমবার (৬ জুলাই) দুপুরে পূবালী ব্যাংকের ঘোড়াঘাট উপশাখা কার্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন। সভাপতিত্ব করেন উপশাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ এবং পূবালী ব্যাংকের ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক মামুনুর রশীদ।

বক্তারা বলেন, ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে। ফান্ড ট্রান্সফার, মোবাইল ও ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যবসায়িক লেনদেন আরও সহজ ও ঝুঁকিমুক্ত করা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, ব্যাংকের গ্রাহক, ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘোড়াঘাট উপশাখার জুনিয়র অফিসার খোরশেদুল আলম।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের ডিজিটাল ব্যাংকিং সেবার বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। একই সঙ্গে দৈনন্দিন আর্থিক লেনদেনে ক্যাশলেস পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করা হয়।