দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পালশা ইউনিয়নের বিলপাড়া গ্রামের ডুগডুগি-রানীগঞ্জ পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন, সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের রেজাউলের ছেলে খাইরুল ইসলাম (২৮), মৃত গোলজার হোসেনের ছেলে মিজানুর রহমান (২৮) এবং আব্দুল মজিদের ছেলে সেলিম মিয়া (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল বিলপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় ডুগডুগি থেকে রানীগঞ্জগামী পাকা সড়কে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল।
একপর্যায়ে তুহিন মাস্টারের পুকুরের উত্তর পাশে তিন ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশ তাদের ঘিরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো মাদক হিসেবে পাচার বা বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্যাপেন্টাডলসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতামত