ঘোড়াঘাট

ঘোড়াঘাটে নিখোঁজ দুই কিশোরকে উদ্ধার করল পুলিশ

প্রিন্ট
ঘোড়াঘাটে নিখোঁজ দুই কিশোরকে উদ্ধার করল পুলিশ

প্রকাশিত : ১৫ জুন ২০২৬, সন্ধ্যা ৭:৫৩


দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজ হওয়া দুই কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌরশহরের আজাদমোড় এলাকা থেকে তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া দুই কিশোর হলো উপজেলার জালালপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে তুহিন মিয়া (১২) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়গাঁও এলাকার রাফিউল ইসলাম (১২)। তুহিন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং রাফিউল প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে তুহিন বাসা থেকে ২৬ হাজার টাকা নিয়ে বন্ধু রাফিউলকে সঙ্গে করে বাড়ি থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে স্বজনরা পুলিশের শরণাপন্ন হন।

পুলিশ জানায়, বাড়ি ছাড়ার পর দুই কিশোর প্রথমে ঢাকায় যায়। এ সময় পর্যন্ত তাদের ব্যবহৃত মোবাইল ফোন সচল থাকলেও কয়েক ঘণ্টা পর ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশ অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই কিশোরের অবস্থান শনাক্ত করে সোমবার তাদের নিরাপদে উদ্ধার করা হয় এবং পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কৌতূহলবশত তারা বাড়ি থেকে বের হয়েছিল বলে জানান তিনি।

ওসি আরও বলেন, এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও বেশি নজরদারি ও সচেতন থাকার প্রয়োজন রয়েছে।

পুলিশের দ্রুত তৎপরতায় দুই কিশোরকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তাদের স্বজনরা।