সারাদেশ

শহিদুল জহির ও আখতারুজ্জামান ইলিয়াস-এর উপন্যাসে স্বাধীনতা-উত্তর রাজনৈতিক বাস্তবতা

প্রিন্ট
শহিদুল জহির ও আখতারুজ্জামান ইলিয়াস-এর উপন্যাসে স্বাধীনতা-উত্তর রাজনৈতিক বাস্তবতা

ছবি : মনির হোসেন, প্রভাষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর


প্রকাশিত : ৪ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮:০০ আপডেট : ৪ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:৫৮

৫২\'র ভাষা আন্দোলন ছিল ভাগ্যপীড়িত, নিগৃহীত,বঞ্চিত বাঙালি মুসলমানদের স্বদেশ প্রত্যাবর্তন। যা ছিল বাঙালি জাতীয়তাবাদ চেতনার মূলভিত্তি। ৭১\'র মহান মুক্তিযুদ্ধ ছিল এ চেতনার পূর্ণাঙ্গ বহিঃপ্রকাশ। রাজনৈতিক সংগ্রাম, ইতিহাস-ঐতিহ্য নির্ভর ভাব-গতিকে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে অনেক কথা-সাহিত্যিক শিল্প, সাহিত্য রচনা করেছেন কিন্তু এসব শিল্প-সাহিত্যে ইতিহাসের নির্মোহ দৃষ্টি নিবদ্ধ করতে গিয়ে প্রায়ই দলীয় মতাদর্শের কৃতিত্ববাদী রাজনৈতিক প্রপাগাণ্ডায় পর্যবসিত হয়েছে। সাহিত্যের বৈঠকখানায় মধ্যবিত্ত আর উচ্চবিত্তের আনাগোনায় ইতিহাস নির্মাতা মেহনতি, শ্রমজীবী, কৃষক, শ্রমিক, মজুর গণ-মানুষের আত্মত্যাগ উপেক্ষিত হয়েছে। বাংলা কথাসাহিত্যে দীর্ঘদিনের এ সাংস্কৃতিক আধিপত্যবাদী ফ্রেম, মধ্যবিত্তের ব্যক্তিস্বাতন্ত্রবাদী চিৎকার, আমি-তুমি, আমার-তোমার, ছিঁদকাঁচানো উদ্ভট প্রেম কাহিনি, নিখাঁদ আনন্দের জন্য শিল্প- তকমা গরিমা থেকে যিনি বের হয়ে ইতিহাস নির্মোহ পাঠে, ইতিহাসের ভূমিতে বসে নতুন করে নিম্নবর্গের সত্যাসত্যগুলোকে বিনির্মাণ করেছেন তিনি আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭)। আরেকজন তাঁরই সমসাময়িক কথাসাহিত্যিক শহিদুল জহির (১৯৫৩-২০০৮)। উপন্যাসের কাহিনী তৈরিতে  জাদুবাস্তবতার প্রয়োগে নাতিদীর্ঘ রচনাশৈলীতে বিখ্যাত মার্কসবাদী সাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের "নিঃসঙ্গতার শতবর্ষ" প্রভাব আছে বলে প্রতীয়মান করা যায়। যদিও মার্কেজ, ইলিয়াস ও শহিদুল জহির-এর অবস্থান পৃথিবীর দু\'প্রান্তে, ভিন্ন ভাষার মধ্যে তবু তাদের চিন্তার মতাদর্শ এক ও অভিন্ন। শহিদুল জহির ও আখতারুজ্জামান ইলিয়াস দুই জনেই স্থিত হয়েছিলেন ঢাকায়। উভয়ের কথাসাহিত্যে ওঠে এসেছে পুরান ঢাকার অলিগলি, শ্রমজীবী মেহনতি মানুষ, মধ্যবিত্তের অস্তিত্ব সংগ্রামের নিরন্তর প্রচেষ্টা ও নিম্নবর্গের মানুষের রাজনীতি,ভাষা ও সমকালীন রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। জাদুবাস্তবতার নিরিখে কথাসাহিত্যে ভিন্ন আঙ্গিক কৌশলে অনাহত কিংবা আশাহত নন; দুয়েই ছিলেন প্রগতিবাদী রাজনেতিক সংগ্রামের ভবিতব্য। 

১.

এককালে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা শহিদুল জহির কর্মজীবনে আমলা হওয়া সত্ত্বেও ছিলেন সমকাল মনস্ক বাংলা কথা-সাহিত্যের একজন স্বতন্ত্রধর্মী কথাসাহিত্যিক, যিনি তাঁর শিল্পে নগরজীবন, ইতিহাস, ঐতিহ্য, স্মৃতি, লালিত সাম্যবাদী চেতনা ও সমকালীন রাজনৈতিক সংকটের বাস্তবতাকে গভীর শিল্পরূপে তুলে ধরেছেন। 

"জীবন ও রাজনৈতিক বাস্তবতা, সে রাতে পূর্ণিমা ছিল এবং মুখের দিকে দেখি" উপন্যাস তার প্রতিফলন।  “জীবন ও রাজনৈতিক বাস্তবতা (১৯৮৮)” উপন্যাসে শহিদুল জহির ব্যক্তি ও রাষ্ট্রের সম্পর্ক এবং জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রভাব সমাজজীবনে শ্রেণি-বর্ণ নির্বিশেষে  মানুষের সামাজিক জীবনে কীভাবে প্রতিফলিত হয় তা তুলে ধরেছেন। “সে রাতে পূর্ণিমা ছিল (১৯৯৫)” উপন্যাসে পুরান ঢাকার মানুষের প্রাত্যহিক জীবন, লোকায়ত লোকবিশ্বাস ও জাদুবাস্তবতার মিশ্রণে এক ভিন্নধর্মী জগৎ নির্মাণ করেছেন। অন্যদিকে “মুখের দিকে দেখি” উপন্যাসে সময়, স্মৃতি ও অস্তিত্বের দার্শনিক দিকগুলো গভীরভাবে অনুসন্ধান  শহিদুল জহিরের ভাষায় জটিল হলেও তা অত্যন্ত শৈল্পিক ভাষায় শিল্পসম্মত এবং ভাবগম্ভীর প্রবণতায় উদ্ভাসিত। তবে শহিদুল জহির-এর অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব তাঁর “জীবন ও রাজনৈতিক বাস্তবতা (১৯৮৮)” উপন্যাস। এ উপন্যাসের প্রেক্ষাপট নিয়ে জীবিতকালে  এক সাক্ষাৎকারে শহীদুল জহির নিজেই বলেছিলেন যে-- "আশির দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশের উত্তাল রাজনৈতিক আবহ, স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশে প্রত্যাবর্তন এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রকাশিত "একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়" (১৯৮৭) তাঁকে প্রবলভাবে প্রভাবিত করেছিল যার আবহে তিনি "জীবন ও রাজনৈতিক বাস্তবতা" উপন্যাস রচনা করেছিলেন।" 

২.

উপন্যাসে কতকগুলো সাব-চরিত্রের মধ্যে মূল চরিত্র আবদুল মজিদ, বদু মাওলানা, আজিজ পাঠান, আবুল খয়ের, মোমেনা। 

মজিদ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বাঙালি তরুণ। বদু মাওলানা একজন রাজাকার এবং তারই পুত্র আবুল খয়ের। স্বাধীনতা পরবর্তী দেশে উত্তাল রাজনৈতিক সময়ে ১৯৮৫ সালের একদিন আবুল খয়ের হরতাল পালনের সময় প্রদত্ত ভাষণে ১৫ বছর আগের মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতি পড়ে আবদুল মজিদের। তখন আবুল খয়েরের পিতা বদু মওলানা ছিল পাকিস্তানী সেনাবাহিনীর সহযোগী। ছিলেন পুরান ঢাকার শ্যামাপ্রসাদ চৌধুরী লেনের শান্তিবাহিনীর প্রধান। বাঙালি জাতীয়তাবাদের চেতনাকে নস্যাৎ, ন্যায্য অধিকার খর্ব ও স্বাধীনতা আন্দোলনকে দমন করতে ধর্মের নামে পাকিস্তান রক্ষা করার স্বার্থে বদু মাওলানা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে নিজ মহল্লায় অপকর্মে লিপ্ত হোন। ভারতীয় চর, হিন্দু, মুক্তিযোদ্ধা ও কমিউনিস্টদের শত্রু আখ্যা দিয়ে ১৯৭১-এ  যুদ্ধকালীন পুরান ঢাকার লক্ষ্মীবাজারে প্রথম যে লোকটি খুন হয়েছিল সে ছিল একজন মুসলমান। নিজ এলাকায় মুসলমান হয়েও বদু মাওলানা মুসলমান মানুষ হত্যা করে বিকেল বেলায় কাকের উদ্দেশে মৃত মুসলমান মানুষের মাংসের টুকরা উপরে ছুঁড়ে দিত। এমনকি মজিদের বোন  মোমেনাকে ধরে নিয়ে গিয়েছিল বদু মাওলানার নেতৃত্বে রাজাকার দল। মজিদ ও আজিজ পাঠান যে ছিল মুক্তিযোদ্ধা; তাঁরাও ধর্ষণের হাত থেকে মোমেনাকে বাঁচাতে পারেনি। এমনকি আজিজ পাঠানের বাড়িতে বদু মাওলানা পাকিস্তানিদের নিয়ে যে অত্যাচার ও ধ্বংসলীলা চালিয়েছিল সেদিন আজিজ পাঠানকে হত্যা ছিল প্রকৃত উদ্দেশ্য।হঠাৎ মুক্তিযুদ্ধের শেষ সময়ে বদু মওলানা পাকিস্তানে পালিয়ে যায়। কিন্তু স্বাধীনতার দুই বছর পরে রাষ্ট্রীয় সাধারণ ক্ষমার সুযোগে বদু মাওলানা দেশে ফিরে আসে, এবং মুক্তিযোদ্ধা আজিজ পাঠানের সহযোগিতায় গ্রামে আশ্রয় নেয়। এ সময় এসকল ঘটনাগুলোর স্মৃতি মজিদের মর্মপীড়ার কারণ হয়ে ওঠে। অতীত আতংক আর নিপীড়ন, অত্যাচারের স্মৃতি মন্থনে বদু মওলানা ফিরে আসার কারণে অস্তিত্ব রক্ষার তাগিদে আবদুল মজিদ বাড়ি-ঘর বিক্রি করে মহল্লা ছেড়ে যায়। এখানে উপন্যাসের প্লট সরল মনে হলেও তা অত্যন্ত জটিলতায় ভরপুর। বিশেষ করে মজিদের মতো স্বাধীনতা বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের চেতনাধারী মানুষের মধ্যে। হুমায়ুন আজাদ আশির দশকে এ স্বাধীনতা বিরোধীদের সমাজে প্রতিষ্ঠা করার সহযোগীদের প্রতি ভুক্ষেপ করে বলেছিলেন- "প্রত্যেক রাজাকার আজীবন রাজাকার। কিন্তু কোনো মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে।" এ বক্তব্যের সুস্পষ্ট উদাহরণ হিসেবে প্রতীকী চরিত্র হিসেবে শহিদুল জহির "বদু মাওলানা" ও  "আজিজ পাঠান" চারিত্রিক বৈশিষ্ট্য নির্মাণে প্রেরণা পেয়েছেন। যা আশির দশকে বাংলাদেশের সমাজজীবনের রাজনৈতিক বাস্তবতায় আদর্শ বনাম অ-আদর্শ দ্বন্দ্বকে প্রতিফলন করে।

আখতারুজ্জামান ইলিয়াস-এর চিলেকোঠার সেপাই (১৯৮৬), খোয়াবনামা (১৯৯৬) উপন্যাসও একই গতিশীল আঙ্গিকে রচিত। চিলেকোঠার সেপাই-এ পাকিস্তান শাসিত পূর্ব-বাংলার ঢাকায় ওসমান, আনোয়ারদের নাগরিক জীবন; ঢাকার অলিগলির মেহনতি মানুষ হাড্ডি খিজির, রহমতুল্লাহ, আলাউদ্দিন ও যমুনার চরাঞ্চলের করমালি, খয়বার গাজী, পচার বাপ,জালাল মাস্টার, আলী বক্স, চেংটু লেকু চরিত্রে ইতিহাস নির্ভর সমকালীন  রাজনৈতিক বাস্তবতার এক দলিল। যেখানে ইতিহাসের মাঠে হাড্ডি খিজির, পচার বাপ, জালাল মাস্টারের মতো নিম্নবর্গের মানুষেরা ইতিহাস নির্মাণে মিছিলের মতো হেঁটে চলে। কিন্তু খয়বার গাজী\'রা যে এককালে যমুনার চর-এ গরু চুরির সিন্ডিকেট থেকে মহাজনী সুদব্যবসা ও অখণ্ড পাকিস্তানের স্বপ্নে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রে বিশ্বাসী ছিল ; এবং শোষক ও আধিপত্য বজায় রাখার প্রয়োজনে গ্রামীণ মেহনতি মানুষের উপর চালিয়েছে জুলুম সেই খয়বার গাজীকে ৬৯-এর গণ-অভ্যুত্থানের পর মেহনতি, সর্বহারা গ্রামের মানুষরা গণ-আদালতে বিচারের জন্য আটক করে। কিন্তু আনোয়ারের নিকটাত্মীয় হওয়ার বিচার বিলম্বিত হয়, সুযোগ বুঝে পালিয়ে যায়। কিন্তু ২৩শে ফেব্রুয়ারি বিকেলে বগুড়া শহরে আওয়ামী লীগ আয়োজিত  গণ-অভ্যুত্থানের সংবর্ধনায় মুসলিম লীগ করা শোষক খয়বার গাজীকে অন্যতম অতিথি হিসেবে মঞ্চে দেখা যায়। অর্থাৎ শোষক ও স্বাধীনবিরোধিতাকারীরাই যেন বাঙালি সংগ্রামের ফল ভোগ করা প্রথম শ্রেণির নাগরিক। সুযোগ বুঝে পালিয়ে যায় আবার ফিরে এসে। 

৩.

এ দুই উপন্যাসের প্লট সরল কিন্তু ভেতরকার আত্মদ্বন্দ্ব ও মানসিক পরিস্থিতি বেশ জটিল। যা বাংলা জনপদের হাজার বছর ধরে অসংখ্য মিশ্রণে গড়ে ওঠা নৃতাত্ত্বিক বাঙালি জনগোষ্ঠীর মনোবৃত্তির প্রতিশোধহীনতা সমন্বয়বাদী প্রবণতার দিকটি সামনে তুলে আনে। পাঠকের মনে জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন উত্থাপন করে-- অপরাধ করেও কি এখানে সময়ের বিবর্তনে পার পাওয়া যায়? মানুষ শোকে শোকার্ত হয় ঠিকই কিন্তু অদৃশ্য কোনো এক রাজনৈতিক শক্তি সবকিছু ভুলে গিয়ে স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠা করতে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সাহায্য, সহযোগিতা  করে। উভয়ের রচনাতেই রাজনীতির স্বাদ পাওয়া যায়। শহিদুল জহির এ সমকালীন রাজনৈতিক বাস্তবতাকে শৈল্পিক নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশের সমাজবাস্তবতায় সচেতন, দেশপ্রেমিকদের উদ্দেশ্য করে বলতে চেয়েছেন- "জনগণ ও সমাজের মধ্যকার এক দুর্বৃত্ত সামাজিক রাজনৈতিক শক্তিই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বাধীনতাবিরোধী অপশক্তির উত্থানের পক্ষে-বিপক্ষে উৎসাহ প্রদান করে থাকে তাদের রাজনৈতিক শ্রেণি স্বার্থে; এঁরা হলো বুর্জোয়া শ্রেণি। যা তারা সরাসরি স্বীকার করে না। কিন্তু এ অস্বীকারই একদা সেই পুরনো শক্তির রাজনৈতিক শক্তির পুনরুউত্থানে পুরনো বন্দোবস্ত প্রতিষ্ঠায় সাহায্য করে গতিশীল সমাজ পরিবর্তনের প্রবাহকে পিছনে টেনে ধরে।" তাতে বরং গণমানুষের ঐতিহাসিক  অবদান, রাষ্ট্র কর্তৃক মৌলিক, সামাজিক, নাগরিক অধিকারের বাস্তবায়নের চেয়ে  পুরনো ক্যাচালই ক্রমান্বয়ে বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর প্রধান দ্বন্দ্ব ও দ্বান্দ্বিকতার বস্তু হয়ে দাঁড়ায়। এ পুনরাবৃত্তিই সমকালীন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখনো প্রাসঙ্গিক। ইলিয়াস ও শহিদুল জহির তাদের উপন্যাসে বাংলাদেশের শাসন কাঠামোতে শেকড় গেঁথে থাকা "বুর্জোয়া" শ্রেণিকেই জীবন ও রাজনৈতিক বাস্তবতায় প্রধানতম প্রতিবন্ধকতা তৈরি গোষ্ঠীরূপে চিহ্নিত করেছেন। 


মনির হোসেন 

প্রভাষক

বাংলা বিভাগ 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর