সমাজ চিত্র-১
গিয়েছিলাম কুড়িগ্রামের উলিপুরে। আপ্যায়ন শেষে পান চিবাতে চিবাতে এক বয়স্ক মুরব্বি (হাসমত মোল্লা) বললেন আজ থেকে যান। কাল হামাক মেয়ের বিয়ে ঠিক করবানে। জিজ্ঞাসা করলাম কি করেন! উত্তর দিলেন ছেলে বিসিএস টিকছে। মেয়ে তার অনার্সে পড়ে রংপুর শহরে। ছেলে ভালো। হাতছাড়া করতে চান না। তাই বিসিএস টিকছে বিধায় অগ্রিম ১০ লক্ষ টাকা যৌতুক দিয়ে নিকা দিতে চান। পরে আরও দিবেন জয়েন করলে ঘর সাজানোর জন্য। প্রশ্ন এ মৌসুমে রেজাল্ট হলো কবে! শুনে তাজ্জব হবেন যে কেউ- ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে গত বছর তিনেক ধরে বেকার। কিছুদিন আগে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মাত্র। যার রাস্তার শেষ সীমানা এখনো অনেক বাকি। অনিশ্চিত। গ্রামের মানুষ এ পথের সন্ধান বুঝেন কম। শুধু এটাই বুঝেন ছেলে টিকছে।
সমাজচিত্র - ২
মাঠপর্যায়ের এনজিও কর্মকর্তা সোহরাব সরকার (ছদ্মনাম)। ইসলামের ইতিহাসে নিজেও মাস্টার্স পাশ। দুই মেয়ে, স্ত্রী, মা নিয়ে তার সংসার। শহরে ভাড়া থাকেন।
সমাজের ভাষায় বড় মেয়ে(অনার্স) বিবাহযোগ্য। কথার ফাঁকে বলে ফেললেন দেশের নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে থেকে মনোবিজ্ঞানে উচ্চশিক্ষা পাশ করে এখন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। যার সাথে মেয়ের বিবাহ পাকা করে রেখেছেন বছরের শেষে। ছেলে-মেয়ে দুজনেরই নাকি পছন্দ ছিল আগ থেকে। তারপরও দাবি নাকি বেশি না। ঘর সাজানোর আসবাবপত্র আর ছয় ভরি স্বর্ণ। সোহরাব সরকারের সারা জীবনের সঞ্চয়। গেলে যাক, ছেলে তো পেলেন সরকারি চাকরিজীবী। নিজে হতে পারলেন না। পুরুষ মানুষের আবার বয়স কি! কথা শুনে মনে হলো নিজের বাকি জীবনের অনিশ্চয়তার পরও তার চোখে-মুখে এক স্বস্তির ছাপ। জীবনের গন্তব্যহীন হাসির ঝিলিক।
সমাজচিত্র -৩
আতিকুল কবির সৌম্য (বয়স-২৮, ছদ্মনাম দিলাম এটাও)। প্রকৃত নাম দিতে অনাগ্রহী। মাদ্রাসা বোর্ড-এ দুইটিতে জিপিএ-৫ নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে দর্শনে ভর্তি হয়েছিলেন কলেজে। দর্শন পড়ে কি হইবো! সমাজের চোখ লজ্জায় মধ্যবিত্ত বাবার জমি বিক্রির টাকায় অধিক টিউশনি ফি ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করলো। দুইটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে এখন ইস্তফা দিলেন৷ কারণ ঢাকায় যা আয়, তা ব্যয়। শ্রম ঘণ্টা ৭ কিন্তু বেতন পোষায় না৷ নিজেরই হয় না। এখন বাবার মুদি দোকানে বসেন। বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে দৌড়ে বেড়াচ্ছেন সরকারি চাকরির আশায়। হতাশ। প্রেমিকার এখন সম্মতি নেই, কারণ ভালো চাকরি নাই। সবশেষে পুনরায় জমি বিক্রি করেছেন ঘুষ দিয়ে হলেও তার সরকারি চাকরি চায়ই চায়। গণ-অভ্যুত্থানের পর শিউর গ্যারান্টি আর নিশ্চয়তা পাচ্ছেন না যাকে দিলে চাকরিটা হবে। যে গ্রেডেরই হোক।
উপরোক্ত চিত্রের হাসমত মোল্লা, সোহরাব সরকার, সৌম্য এরা সবাই জানেন ঘুষ, দুর্নীতি, যৌতুক সবই ধর্মীয় দৃষ্টিতে কবিরা গুনাহ। তারপরও এসবে জড়াতে চান। কিন্তু কেন! আসলে সমাজ, রাষ্ট্র, চাকরি, কর্মসংস্থান, চিকিৎসা, জননিরাপত্তা, মৌলিক অধিকার প্রশ্ন এসব ইহজাগতিক আয়োজন ও লৌকিক ব্যাপার। বাঁচতে হলে এসবের সমাধান চায়ই চাই। বেঁচে থাকাটাই মানুষের ধর্ম।
সাম্প্রতিক পরিসংখ্যান বলছে- "উচ্চশিক্ষা নিয়ে সরকারি চাকরি পেতে দুর্নীতির মাধ্যমে ইচ্ছুক এমন সংখ্যা শতকরা ৩৬% বেশি। মাম, খালু, রাজনীতির সহচর্য লাগে এমন মনস্তাত্ত্বিক চাকরিপ্রার্থী ৫০%। বাদবাকি ১৪-১৫% মনে করেন শেষ পর্যন্ত লড়ে যায় দেখি কি হয়৷"
পক্ষান্তরে সামন্তীয় মূল্যবোধে আঁকড়ে থাকা গ্রাম কিংবা শহরে নারীর মূল্য পরিগণিত হয় রূপসৌন্দর্য্যে। সাথে শিক্ষা নারীর ভালো স্বামী পাবার পারিপার্শ্বিক যোগ্যতা। বয়স পুরুষের ম্যাটার না। সরকারি চাকরি তার আসল যোগ্যতা। উচ্চশিক্ষা শেষে যেকোনো ধরনের সরকারি চাকরি পেয়েছে এমন পুরুষ যৌতুক নিয়ে বিয়ে করেন তা শতাংশে ৯৫% অধিক। চাওয়ার সিস্টেম পরিবর্তন হয়েছে। মানে খুশি হয়ে যা দেন। এ হলো উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ফসল। অথচ উচ্চশিক্ষা মানেই গবেষণামুখী। দেহের অসুখ হলে মানুষ যেরকম ডাক্তারের কাছে যায়। তেমনি সমাজ,রাষ্ট্র কাঠামোর চিকিৎসক বিশ্ববিদ্যালয়। গবেষণালব্দ সৃজিত জ্ঞানে তারা প্রেসক্রিপশন দিবে। সমস্যা সমাধানের পথে রাষ্ট্র, সমাজ অগ্রসর হবে। যারা যৌতুক, গোঁড়ামি, দুর্নীতি বন্ধে কার্যকরী সমাধানের পথ দেখাবে তারাই উচ্চশিক্ষা শেষে এসবে জড়িয়ে যাচ্ছেন। সমস্যা উচ্চশিক্ষা নয়, সমস্যা বাজারমুখী উচ্চশিক্ষার অভাব। যার ফলাফল বেকারত্বে সামাজিক সমস্যা।
যে ছেলেটি দুর্নীতি মাধ্যমে বেকারত্বের অবসান ঘটালে এখন সে সামাজিক মনস্তত্ত্ব কারণে হোক ইনভেস্ট করা টাকা উত্তোলনে বিয়েতে অধিক যৌতুক প্রত্যাশা করেন। না হলে সেও জড়িয়ে যাচ্ছে দুর্নীতিতে। একই সাথে যৌতুক যে কেবল প্রথা তা নয়, এর সাথে নারী নির্যাতনের বিষয়টি ওতোপ্রোতভাবে জড়িত।
আর এসবের মূল অনুঘটক কিন্তু অশিক্ষিত মানুষ না। শিক্ষিত মানুষই। যারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া। উচ্চশিক্ষা শেষে বেকার। উপরন্তু, গ্রামের মানুষের কাছে চাকরি মানেই সরকারি চাকরি। অন্যসব চাকরি, চাকরি না। কারণ বেতন যায় হোক এখানে দুর্নীতি অপেন সিক্রেট। সাবেক সাংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন জাতীয় সংসদে বলেছিলেন- "সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯০ শতাংশ দুর্নীতিবাজ। সেখানে ১০-১৫ শতাংশ ভালো মানুষ কতটুকু আর করবে। (যুগান্তর, ২০২৪)।" বেকার তরুণ-তরুণী জনগোষ্ঠীর প্রায় \'\'৭৯ শতাংশেরই বয়স ১৫-২৯ বছর বয়সের। আর তরুণ জনগোষ্ঠীর মধ্যে যাঁরা উচ্চশিক্ষিত, তাঁদের বড় অংশই বেকারত্বে ভুগছেন।(টাস্কফোর্স)।" এদের সরকারি পরিসংখ্যান ২৪ লাখ। যেখানে মানহীন, পরিকল্পনাবিহীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো গ্র্যাজুয়েট বেকার তৈরির কারখানায় পরিণত হয়েছে। শুধু সরকারি প্রেসনোটে এসব কারখানার সংখ্যায় "পাবলিক বিশ্ববিদ্যালয় ৫৫ টি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১১০টি (প্রথম আলো-২৫)।" দেশে কোন সেক্টরে কতজন উচ্চশিক্ষিত জনবল দরকার রাষ্ট্রের কাছে সেই হিসেব নেই এবং সেই অনুসারে গ্র্যাজুয়েটও বের হচ্ছে না। গবেষণা তো ভিন্ন প্রশ্ন। মানের সংখ্যা বলা মুশকিল। তবে দক্ষতাবিহীন মানের সংখ্যা ভুরি ভুরি। এমনও সাবজেক্ট আছে যেসব সাবজেক্টের কোনো কাজই নাই। বাজারমুখী অর্থনীতিতে ওসব সাবজেক্ট অকেজো। অথচ সময়ের চাহিদার সাথে নিত্যনতুন গবেষণামুখী সাবজেক্ট দরকার যা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে একেবারেই কম। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এমন গূরত্বহীন, বাজারবিমুখী সাবজেক্ট ভিত্তিক ডিগ্রি দেওয়া শুরু হয়েছে যার কোন পরিবর্তন নাই, বিবর্তনও নাই। রবীন্দ্রনাথ উনিশ শতকে আক্ষেপ করে লিখেছেন- " আমাদের উচ্চশিক্ষার ইমারতের সিঁড়ি আমরা নিজেদের হাতে গড়ে তুলিনি। গড়ে তুলেছে অন্যরা আলাদা ধাঁচে ফেলে। ফলে আমরা কেবল এক ফ্যাক্টরি থেকে বের হয়ে আরেক ফ্যাক্টরিতে আধুনিক দাসানুদাস হিসেবে প্রবেশ করি ( প্রবন্ধ- শিক্ষা)।" উপায়ন্তর না পেয়ে অনেকেই
অবৈধ পথে বিদেশ ভ্রমণ করছে চাকরি ও ভবিষ্যতের আশায়। মাঝেমধ্যে ইউরোপ গেইম দিতে গিয়ে ভূমধ্যসাগরে সলিল সমাধি হচ্ছে যার মধ্যে বাংলাদেশী উচ্চশিক্ষিত তরুণের সংখ্যা চোখে পড়ার মতো।
এই পৃথিবীর কোথায় জেলায় জেলায় উচ্চশিক্ষার মতো বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়। বাংলাদেশে তা দেখা যায়। এদেশে গাছতলা, ফুলতলা,বেলতলা মতো উপজেলা পর্যায়ে কলেজ খুলে গবেষণা সেক্টরের মতো বিষয়ে অনার্স-মাস্টার্স পড়ানো হচ্ছে। এতে রাষ্ট্রের লাভ কি ক্ষতি৷ উত্তর কেউ জানে না। এ এক অমীমাংসিত বেকার তৈরির বনসাঁই।
সর্বসাকুল্যে ৪৬০ বিলিয়ন ডলারের অর্থনীতির এই দেশে যততত্র উচ্চশিক্ষার নামে কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা বন্ধ করা উচিত। দেশে কোন সেক্টরে কতজন গবেষক, উদ্যোক্তা, কর্মজীবী, দক্ষ শ্রমিক, ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, নার্স, প্রকৌশলী ইত্যাদি প্রয়োজন সে অনুসারে একটা সুশৃঙ্খল পরিকাঠামো ও ভবিষ্যত চাহিদা রেখে শিক্ষাখাত ঢেলে সাজানো দরকার। সারাদেশের কলেজগুলো মানসম্পন্নতা যাচাই করে অনার্স মাস্টার্স সেকশন সীমিত করা অনস্বীকার্য। এই মুহূর্তে আমাদের দরকার প্রযুক্তি, কারিগরি, ডিপ্লোমা কেন্দ্রীক শিক্ষাক্রম বিস্তৃত করে তত্ত্বীয় সাবজেক্ট একীভূত করা। বাংলা\'র সাথে ভাষাবিজ্ঞান, ফোকলোর; সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্ম,লোকপ্রশাসন; নৃবিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ একীভূত; ইতিহাসের সাথে প্রত্নতত্ত্ব ও ইসলামের ইতিহাস সংযুক্তকরণ ; আরবি,ফারসি, উর্দু, ইসলামিক স্টাডিজ, পালি ও বৌদ্ধ স্টাডিজ, সংস্কৃত মূলত বাংলাদেশে সাহিত্য ও ভাষা অধ্যয়ন বিষয়ক পড়াশোনা যা "তুলনামূলক সাহিত্যতত্ত্ব" বিভাগের অধীনে নেওয়া যায়; নাট্যকলা, নৃত্যকলা, চারুকলা, সংগীতকে ললিতকলা বিভাগের অধীনে একীভূত করা যেতে পারে। গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিপার্টমেন্টের সাথে টেলিভিশন ও মিডিয়া স্টাডিজ একীভূত করা যায়। দর্শন প্রতিটি সাবজেক্টে আলাদা বাধ্যতামূলক ক্রেডিট কোর্স হিসেবে রাখা যেতে পারে। যেন রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী দেশে প্রকৃত সংখ্যক গবেষক তৈরি হয়। সাথে উচ্চশিক্ষাখাত গবেষণা ও বাজারমুখী হয়। নতুন সাবজেক্ট খোলার ব্যাপারে দেশীয় ও আন্তর্জাতিক বাজার অর্থনীতি গুরত্ব দিয়ে বিশেষজ্ঞ, শিক্ষাবিদের সমন্বয়ে কমিটির মাধ্যমে যথেষ্ট আলোচনার দাবি রাখে।
মতামত