সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জায়গা দেওয়া হবে না, ইনশাআল্লাহ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সিতারাম মন্দিরে রাস পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যানমন্ত্রী বলেন, একটি মহল সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করতে পারে। মন্দিরে হামলা বা প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দায় চাপানোর অপচেষ্টাও হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দুষ্কৃতকারীদের আইনের হাতে তুলে দিতে হবে।
তিনি আরও বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই পাড়া-মহল্লা, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সামাজিক ঐক্য গড়ে তুলে শান্তি বিনষ্টকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখা এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সামাজিক শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সীতা রান মন্দির এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সভাপতি ইঞ্জি: গজেন চন্দ্র বর্মন স্বপনের সভাপতিত্তে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বিধান কান্তি হালদার, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মী,এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত