নবাবগঞ্জ

সরিষার আবাদ বাড়াতে নবাবগঞ্জে আড়াই হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ-সার

প্রিন্ট
সরিষার আবাদ বাড়াতে নবাবগঞ্জে আড়াই হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ-সার

প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৮:০৮


সরিষার আবাদ সম্প্রসারণ ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে দিনাজপুরের নবাবগঞ্জে আড়াই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। এতে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকরা যাতে সময়মতো প্রয়োজনীয় কৃষি উপকরণ পান, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, কৃষির আধুনিকায়ন ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫০০ কৃষক বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার পাবেন। এতে সরিষার আবাদ সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সাশ্রয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।