নবাবগঞ্জ

নবাবগঞ্জে পদ স্থগিতের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন

প্রিন্ট
নবাবগঞ্জে পদ স্থগিতের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, বিকাল ৪:২৯


দিনাজপুরের নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মাদক ব্যবসায়ীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা ওসমান গনি বাবু।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার ভাদুরিয়া বাজারের রানা মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ওসমান গনি বাবু জানান, তিনি ৬নং ভাদুরিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১১ সেপ্টেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায়ীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। কোনো মাদক ব্যবসার সঙ্গে তিনি জড়িত নন এবং কাউকে এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতাও করেননি। তাঁর বক্তব্য না নিয়ে এবং অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন ছাড়াই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং অভিযোগ প্রমাণিত না হলে স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ পুনর্বহালের দাবি জানান।

ওসমান গনি বাবু বলেন, দলের কাছে কোনো বিশেষ সুবিধা নয়, একজন রাজনৈতিক কর্মী হিসেবে ন্যায়বিচার ও সাংগঠনিক মর্যাদা ফিরে পেতে চান।