দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূ লিমা রাণী রায়ের (২২) মৃত্যুর ঘটনায় স্বামীসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার আফতাবগঞ্জ বাজারের তিনমাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নিহতের পরিবারের সদস্য, এলাকাবাসী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে দাঁড়ান। এ সময় হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাতে পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের চাচোয়া খামার গ্রামে স্বামীর বাড়িতে যৌতুকের দাবিতে লিমাকে মারধর করা হয়। এ সময় ধারালো ব্লেড দিয়ে তাঁর দুই হাতের কবজির রগ কেটে দেওয়া এবং লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ নভেম্বর রাত ৯টা ৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই সৌরভ চন্দ্র সরকার বাদী হয়ে ৫ নভেম্বর স্বামী শিমুল চন্দ্র সহ ৫ জনের নামে পার্বতীপুর থানায় মামলা করেন। মামলা পর স্বামী শিমুল চন্দ্র সরকার কে পুলিশ গ্রেপ্তার করেন।
মানববন্ধনে এলাকাবাসী মনোয়ার হোসেন বলেন, একজন নারীকে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে হবে, এটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নিহতের বড় ভাই সৌরভ চন্দ্র সরকার জানান, আমার বোনের মৃত্যুর সুষ্ঠু বিচার চাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমরা বোন হত্যার ন্যায়বিচার চাই।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে।
মতামত